নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া আদালতের নির্দেশে পুনরায় দায়িত্বে বহাল হয়েছেন। একই দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১ মার্চ) নেত্রকোনা জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার স্বাক্ষরিত আদেশে চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে স্বপদে বহালের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জানা যায়, সাইদুর রহমান ভূঁইয়া কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লেংগুড়া বাজারে সরকারি জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণের অভিযোগ ওঠে চেয়ারম্যানের ভাই মো. পারভেজসহ কয়েকজনের বিরুদ্ধে। এ অভিযোগের ভিত্তিতে গত ১৭ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে পারভেজকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় ইউএনওকে উদ্দেশ করে তার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি জাতীয়ভাবে আলোচনায় আসে।
ঘটনার পর ইউএনও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান। পরদিন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মোতাছেম বিল্যাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
এদিকে ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হলেও স্থানীয়দের মানববন্ধনের মুখে সেই বদলির আদেশ পরে বাতিল করা হয়।
পরবর্তীতে চেয়ারম্যান পদ ফিরে পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেন সাইদুর রহমান ভূঁইয়া। গত ২৫ জানুয়ারি আদালত তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন। আদালতের সেই নির্দেশনার আলোকে রোববার তাকে আনুষ্ঠানিকভাবে স্বপদে বহাল করা হয় এবং ইউনিয়নে প্রশাসক নিয়োগের আদেশও বাতিল করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব