| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাটি খুঁড়তেই মিলল মানুষের হাত-পায়ের মতো ‘মেটে আলু’

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ২১:৫২:১৭:অপরাহ্ন  |  ৫১৬৬৬৯ বার পঠিত
মাটি খুঁড়তেই মিলল মানুষের হাত-পায়ের মতো ‘মেটে আলু’

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিয়ারছড়া গ্রামে এক কৃষকের বাড়ির উঠানে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে এক বিস্ময়কর আকৃতির ‘মেটে আলু’। আলুটির গঠন অনেকটা মানুষের হাত ও পায়ের আকৃতির মতো। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

জানা যায়, রবিবার (১ মার্চ) বিকালে উপজেলার কালিয়ারছড়া গ্রামের কৃষক সাদ্দাম মিয়া বাড়ির উঠানে মাটি কাটার সময় হঠাৎ কোদালে বড় কিছুতে আঘাত পান। পরে দুই হাত দিয়ে টেনে তুলতেই তার হাতে উঠে আসে প্রায় ২০ কেজি ওজনের অদ্ভুত আকৃতির এই মেটে আলুটি। আলুটির আকার এতটাই বিশাল এবং গঠন এতটাই ব্যতিক্রমী যে প্রথম দেখাতেই তিনি হতবাক হয়ে যান। পরে তিনি বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের জানান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে।

স্থানীয়রা জানান, আলুটির কিছু অংশ দেখতে মানুষের হাতের আঙুলের মতো, আবার কিছু অংশ পায়ের আকৃতির সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। এই অস্বাভাবিক গঠনের কারণে অনেকেই এটিকে প্রকৃতির এক বিরল সৃষ্টি বলে মনে করছেন।

ঘটনার পর সাদ্দাম মিয়ার ছোট ভাই আলুটির ভিডিও ধারণ করে ফেসবুকে শেয়ার করেন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে অনেকে বিশ্বাস করতে পারছেন না যে এটি সত্যি একটি আলু।

সোমবার (২ মার্চ) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কৃষক সাদ্দাম মিয়া বলেন, এই ব্যতিক্রমী আলু পেয়ে আমি ও আমার পরিবার খুবই আনন্দিত এবং কিছুটা বিস্মিতও। আমি কোনোদিন কল্পনাও করিনি যে আমাদের উঠানের মাটিতে এমন কিছু থাকতে পারে। আলুটির আকৃতি দেখে প্রথমে ভয় পেয়েছিলাম, পরে সবাই এসে দেখার পর বুঝলাম এটি সত্যিই এক ধরনের প্রকৃতির বিস্ময়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল ইসলাম কবীর বলেন, মাটির গঠন, আর্দ্রতা ও দীর্ঘসময়ের বৃদ্ধির কারণে মেটে আলুর অস্বাভাবিক বৃদ্ধি ও আকৃতিগত পরিবর্তন হয়ে থাকতে পারে। কারণ এই জাতের আলুর নির্দিষ্ট আকার থাকে না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪