চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া সাত বছর বয়সী কন্যাশিশুটি মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তার গলা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। নিজেদের পরনের কাপড় দিয়ে তার গলা চেপে ধরে রক্তপাত বন্ধের চেষ্টা করা হয়। পরে তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এ নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল। পুলিশ জানায়, শিশুটির বাড়ি সীতাকুণ্ডের কুমিরা এলাকায়। যে স্থান থেকে তাকে উদ্ধার করা হয়েছে, তা তার বাড়ি থেকে অন্তত পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে। ওই বয়সী একটি শিশুর একা এত দূরে যাওয়ার সম্ভাবনা কম- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকে ফুসলিয়ে সেখানে নিয়ে গেছে।
ঘটনায় এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রিপোর্টার্স২৪/আরকে