মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আইডি কার্ডধারী বিক্রেতাদের বহাল রাখা এবং দ্রুত টি.ও লাইসেন্স প্রদানসহ একাধিক দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের প্রধান ডাকঘরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, সনদ স্থগিত থাকায় জেলার খুচরা সার ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অনেকেই পুঁজি আটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন। দ্রুত সনদ পুনর্বহাল না হলে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন।
তাদের অভিযোগ, বেশ কয়েকজন বিক্রেতার কাছে কৃষকদের বকেয়া অর্থ রয়েছে। সনদ কার্যকর না থাকলে সেই পাওনা আদায় জটিল হয়ে পড়ছে। এতে বাজারে স্থবিরতা তৈরি হচ্ছে এবং ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে।
বক্তারা আরও বলেন, এই অচলাবস্থা দীর্ঘ হলে সার সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে, যার প্রভাব পড়বে কৃষি উৎপাদনে। তাই দ্রুত সনদ চালু করে স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সমস্যার দ্রুত সমাধান দাবি করেন।
রিপোর্টার্স২৪/মিতু