| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না: জো কেন্ট

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ০৮:৪৬:১৬:পূর্বাহ্ন  |  ২৯৩৪৬৮ বার পঠিত
ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না: জো কেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে মার্কিন ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (এনসিটিসি)-এর পরিচালক জো কেন্ট পদত্যাগ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক চিঠিতে নিজের পদত্যাগের ঘোষণা দেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।

চিঠিতে জো কেন্ট বলেন, বিবেকের দায় থেকে তিনি ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না এবং ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপেই এই সংঘাতের সৃষ্টি হয়েছে।

চিঠিটিতে জো কেন্ট লিখেছেন-

​প্রেসিডেন্ট ট্রাম্প,

অনেক চিন্তার পর জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের পরিচালক পদ থেকে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকেই আমার পদত্যাগ কার্যকর হবে।

বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ইরানে চলমান এই যুদ্ধের প্রতি আমি সমর্থন দিতে পারি না। ইরান যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন কোনো হুমকি ছিল না। এটা স্পষ্ট যে ইসরায়েল এবং তাদের শক্তিশালী মার্কিন লবির চাপেই আমরা এই যুদ্ধ শুরু করেছি।

আপনি ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনি প্রচারণায় যেসব মূল্যবোধ ও পররাষ্ট্রনীতির কথা বলেছিলেন এবং যা আপনার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন, সেগুলোকে আমি সমর্থন করি। গত বছরের জুন পর্যন্ত আপনি অন্তত এটি উপলব্ধি করতে পেরেছিলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো মূলত একটি ফাঁদ। এসব যুদ্ধ আমাদের নাগরিকদের জীবন কেড়ে নিয়েছে এবং জাতির সম্পদ ও সমৃদ্ধিকে নিঃশেষ করেছে।

আপনি প্রথম মেয়াদে অন্তহীন যুদ্ধে না জড়িয়েও কীভাবে চূড়ান্তভাবে সামরিক শক্তি প্রয়োগ করতে হয়, সেটি আধুনিক যুগের অন্য যেকোনো প্রেসিডেন্টের চেয়ে ভালো বুঝেছিলেন। কাসেম সোলাইমানিকে হত্যা এবং আইএসকে পরাজিত করার মাধ্যমে আপনি তা প্রমাণ করেছিলেন।

এই প্রশাসনের শুরুর দিকে উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তা এবং মার্কিন সংবাদমাধ্যমের প্রভাবশালী সদস্যরা সুপরিকল্পিত একটি অপপ্রচার চালিয়েছিলেন। এটি আপনার ‘সবার আগে আমেরিকা’ নীতিকে পুরোপুরি ক্ষতিগ্রস্ত করেছে এবং ইরানের সঙ্গে যুদ্ধের পরিবেশ তৈরি করতে যুদ্ধংদেহী মনোভাব উসকে দিয়েছে। এই একপেশে প্রচারণাকে ব্যবহার করে আপনাকে বিশ্বাস করানো হয়েছে যে ইরান যুক্তরাষ্ট্রের জন্য একটি আসন্ন হুমকি এবং এখনই হামলা চালালে দ্রুত জয় পাওয়া নিশ্চিত। এটি ছিল একটি মিথ্যা।

ইসরায়েলিরা ঠিক একই কৌশল ব্যবহার করে আমাদের সেই ধ্বংসাত্মক ইরাক যুদ্ধে টেনে নিয়ে গিয়েছিল। সেখানে আমাদের দেশের কয়েক হাজার সেরা নারী-পুরুষ প্রাণ হারিয়েছিলেন। আমরা এই ভুলের পুনরাবৃত্তি করতে পারি না।

১১ বার যুদ্ধের ময়দানে দায়িত্ব পালন করা একজন অভিজ্ঞ সৈনিক হিসেবে এবং একজন ‘গোল্ড স্টার’ স্বামী হিসেবে—যে তার প্রিয়তমা স্ত্রী শ্যাননকে ইসরায়েলের তৈরি এক যুদ্ধে হারিয়েছে—আমি পরবর্তী প্রজন্মকে এমন এক যুদ্ধে লড়তে এবং মরতে পাঠাতে পারি না, যেই যুদ্ধ আমেরিকান জনগণের কোনো কল্যাণে আসবে না এবং আমেরিকানদের জীবনদানের কোনো ন্যায্যতাও এতে নেই।

আমি প্রার্থনা করি, আমরা ইরানে কী করছি এবং কাদের স্বার্থে করছি, সে বিষয়ে আপনি আবার ভেবে দেখবেন। এখন সাহসী পদক্ষেপ নেওয়ার সময়। আপনি চাইলে বর্তমান পথ থেকে সরে এসে আমাদের জাতির জন্য এক নতুন পথ তৈরি করতে পারেন, নতুবা আমাদের আরও পতন এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারেন। সব ক্ষমতা এখন আপনার হাতে।

আপনার প্রশাসনে কাজ করা এবং আমাদের মহান জাতির সেবা করতে পারা আমার জন্য সম্মানের বিষয় ছিল।

জোসেফ কেন্ট 

পরিচালক, জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্র

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪