ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে বুধবার (৮ এপ্রিল) বাকৃবি পূবালী ব্যাংক এলাকা থেকে আশরাফুল হক হল পর্যন্ত ফুটপাত ও সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। একইদিন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন নগরীর ১৯ নং ওয়ার্ড বলাশপুরের নিচু এলাকা ও রেল ক্রসিং মিন্টু কলেজ সংলগ্ন রাস্তায় আর সি সি রাস্তার কাজের উদ্বোধনও করেন।
প্রশাসক রোকন বলেন, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়ক ও ফুটপাতের কারণে পথচারী ও যানবাহনের চলাচলে দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। নতুন প্রকল্পের মাধ্যমে পথচারীদের জন্য নিরাপদ ফুটপাত এবং যানবাহনের জন্য উন্নত সড়ক ব্যবস্থা নিশ্চিত হবে।
তিনি আরও জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে এবং জনদুর্ভোগ লাঘবসহ আধুনিক নগর গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি