রিপোর্টার্স২৪ ডেস্ক :
রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় বোন আয়েশার (১) পর তার দগ্ধ ভাই রোকনও (১৪) মারা গেছে। এ ঘটনায় নিহতদের মা, বাবা ও ভাই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কিশোরের। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে। আজ বুধবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডা. শাওন।
ডা. শাওন বিন রহমান জানান, গত শুক্রবার ভোরের দিকে সূত্রাপুর এলাকা থেকে একই পরিবারের মো. রিপন (৩৫), তাঁর স্ত্রী চাঁদনী (২৮) এবং তাঁদের সন্তান রোকন (১৪), তামিম (২২) ও আয়েশাকে (১) দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। গতকাল রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর রোকন। তার শরীরে ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গত সোমবার মারা যায় শিশু আয়েশা। এই ঘটনায় দগ্ধের মধ্যে নিহত কিশোরের বাবা রিপনের শরীরে ৬০ শতাংশ, মা চাঁদনী ৪৫ শতাংশ, ভাই তামিম ৪২ শতাংশ পুড়ে গছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
ডা. শাওন আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি থাকায় আহতদের সবাইকেই আইসিইউতে ভর্তি দেওয়া হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, ‘আমার ভাগিনা পেশায় ভ্যানচালক। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সবাইকে নিয়ে তারা ঘুমিয়ে ছিল। হঠাৎ তাদের ঘরে বিস্ফোরণ হয়। আমরা ধারণা করছি, গ্যাস লিকেজ থেকে এই ঘটনাটি ঘটে থাকতে পারে।
.
রিপোর্টার্স২৪/এস