রিপোর্টার্স২৪ ডেস্ক : বিশ্বকাপ হাতে তুলে আর্জেন্টিনার আকাশে যখন উচ্ছ্বাসের রঙ ছড়িয়ে দিয়েছিলেন লিওনেল মেসি, তখন অনেকেই ধরে নিয়েছিলেন-এটাই শেষ। দেশের জন্য স্বপ্নপূরণের পর হয়তো আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াবেন না ফুটবলের এই জাদুকর। কিন্তু মেসির গল্পটা কখনওই এত সহজে শেষ হওয়ার মতো নয়।
৩৮ বছর বয়সেও যেন ফুটবলে তার ক্ষুধা কমেনি একটুও। নিয়মিত খেলছেন আর্জেন্টিনার হয়ে। নেতৃত্ব দিচ্ছেন, গোল করছেন, ছন্দে রয়েছেন। আর সেই ছন্দটাই এবার আশার আলো জ্বালাচ্ছে আরেক কিংবদন্তি-ব্রাজিলের রোনালদোর মনে।
এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘মেসিকে দেখে দারুণ লাগছে। ওর মতো একজন খেলোয়াড়কে আরও একবার বিশ্বকাপে দেখতে পারলে সেটা হবে দারুণ একটা ব্যাপার।’ তার ভাষায়, মেসির খেলা এখনও একইরকম মন্ত্রমুগ্ধ করে। বল পায়ে নেওয়া মাত্রই কিছু একটা ঘটে-কখনও নাটকীয় পাস, কখনও চোখধাঁধানো ড্রিবল, কখনও জাল কাঁপানো শট।
ক্লাব ফুটবলেও মেসি থেমে নেই। ইন্টার মায়ামির হয়ে তিনি সম্প্রতি টানা পাঁচ ম্যাচে করেছেন জোড়া গোল করে। ক্লাব বিশ্বকাপেও ছিলেন দারুণ ফর্মে। বয়সের চাপে যে জাদু কমে গেছে- এমন কোনো ইঙ্গিত নেই তার খেলায়। বরং অভিজ্ঞতার সঙ্গে আরও ক্ষুরধার হয়ে উঠেছেন তিনি।
বিশ্বকাপের পরে মেসি নিজেই বলেছিলেন, ২০২২ কাতার ফাইনালই হতে পারে তার শেষ বিশ্বকাপ ম্যাচ। কিন্তু সেই কথাকে চূড়ান্ত বিদায়ের ঘোষণা হিসেবে ধরে নেওয়ার সুযোগ দেননি তিনি। এখনও খেলছেন বিশ্বকাপের বাছাই পর্বে, জাতীয় দলের জন্যই দিচ্ছেন সবটুকু।
এই বাস্তবতাই নতুন করে আশাবাদী করে তুলেছে সমর্থকদের। রোনালদোও তেমনই একজন- যিনি মনে করেন, ‘মেসিকে আমরা ২০২৬ সালের আমেরিকার বিশ্বকাপে আবারও দেখতে পারি।’ কারণ, তার চোখে- মেসির মধ্যে খেলা এখনও বেঁচে আছে, অনেকটাই!
রিপোর্টার্স২৪/ঝুম