রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রথম আইসিসি ট্রফি খেলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মীর বেলায়েত হোসেন (বেলাল) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে নিজ জন্মভূমি ময়মনসিংহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটারের বয়স হয়েছিল ৭০ বছর।
৭০ ও ৮০ এর দশকের তুখোড় বিগহিটার ক্রিকেটার মীর বেলায়েত হোসেন বেলাল। জাতীয় দলের হয়ে ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত খেলেছেন। ১৯৭৯ সালের আইসিসি ট্রফিতেও অংশ নেন তিনি। ১৯৮৪ সালে ঢাকায় হওয়া দক্ষিণ এশীয় এসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের নিয়মিত সদস্য বেলাল ওই আসরের সেরা পারফর্মারও হয়েছিলেন।
ক্লাব ক্যারিয়ারে আবাহনী, কালাবাগান, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলেছেন। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করেছেন ময়মনসিংহ জেলার হয়ে। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ হলেও তিনি খেলাধুলার সঙ্গ ছাড়েননি। ঢাকা প্রিমিয়ার লিগ, বিসিএল ও ন্যাশনাল লিগের বহু খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন
বিসিবির ম্যাচ রেফারি হিসেবে ৭৯টি প্রথম শ্রেণির, ৮১টি লিস্ট-এ ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া বিসিবির একজন আঞ্চলিক উন্নয়ন ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন তিনি।
কিন্তু শারীরিক অসুস্থ্যতার কারণে গত তিন চার বছর ধরে তাকে ম্যাচ রেফারির ভূমিকায়ও দেখা যায়নি। আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হয়ে শেষ দুই বছর স্বাভাবিকভাবে চলাফেরায়ও ছিল সমস্যা। ময়মনসিংহে নিজ বাড়িতেই থাকতেন বেলাল। কিন্তু হায় সেই আর্থ্রাইটিসই কেড়ে নিয়েছে এই দুর্দান্ত ক্রিকেটারের প্রাণ!
খেলোয়াড়ি জীবন থেকেই খানিক স্থুলকায় ছিলেন বেলাল। খেলা ছাড়ার বেশ কয়েক বছর পর আর্থ্রাইটিস রোগে আক্রান্ত হন তিনি এবং স্বাভাবিক চলাফেরায় অসুবিধা অনুভব করেন। গত দুই বছরের বেশি সময় ধরে অসুস্থ বেলালের স্বাভাবিক হাঁটাচলা করতে অসুবিধা হতো। তাই ময়মনসিংহ শহরে নিজ বাসাতেই থাকতেন তিনি। তবে গত কয়েকদিন আগে বেশি অসুস্থ হয়ে হাসপাতালে স্থানান্তরিত হন। সেখান থেকে বাসায় ফিরে অবশেষে গতকাল বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টায় ইহকাল ত্যাগ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম