রিপোর্টার্স ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য, হোয়াইটওয়াশ। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে লিটন দাসের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। আগের ম্যাচ থেকে একাদশে আসে পাঁচটি পরিবর্তন। আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে পাকিস্তান। ফলে জয়ের জন্য ১৭৯ রানের লক্ষ্য সামনে পাচ্ছে টাইগাররা।
দারুণ শুরু পায় পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ও সাইম আইয়ুব প্রথম ৬ ওভারে দলকে এনে দেন ৫০ রান। তবে পাওয়ার প্লের পরই জুটি ভাঙেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ২১ রান করা সাইম আইয়ুবকে তিনি ফেরান সাজঘরে।
অন্যদিকে, আরেক ওপেনার শাহিবজাদা হাঁকান দুর্দান্ত হাফ সেঞ্চুরি। তবে তিনিও নাসুমের ঘূর্ণিতে থেমে যান। ৪১ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে তিনি মারেন ৫টি ছয় ও ৬টি চার।
মিডল অর্ডারে মোহাম্মদ হারিস ৫, হাসান নাওয়াজ ৩৩, সালমান আগা ১২ এবং মোহাম্মদ নাওয়াজ ৩০ রান করেন।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ, ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। নাসুম নেন ২টি, আর শরিফুল ও সাইফউদ্দিন ১টি করে উইকেট দখল করেন।
হোয়াইটওয়াশ নিশ্চিত করতে টাইগারদের প্রয়োজন ১৭৯ রান।
রিপোর্টার্স২৪/আরএইচ