| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫৪ প্যালেস্টাইনি বন্দিকে জোর করে নির্বাসন, 'বেআইনি' আখ্যা’ পর্যবেক্ষকদের  

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ১৮:৫১:৪৫:অপরাহ্ন  |  ১৪৪৩৩৬০ বার পঠিত
১৫৪ প্যালেস্টাইনি বন্দিকে জোর  করে নির্বাসন, 'বেআইনি' আখ্যা’ পর্যবেক্ষকদের  
ছবির ক্যাপশন: জোরপূর্বক নির্বাসন ১৫৪ প্যালেস্টাইনি বন্দিকে, 'বেআইনি' আখ্যা পর্যবেক্ষকদের  

আশিস গুপ্ত, নতুন দিল্লি : বন্দি বিনিময় চুক্তির অধীনে ইসরায়েল কর্তৃক মুক্তিপ্রাপ্ত প্যালেস্টাইনি বন্দিদের বহু পরিবারের কাছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতা তিক্ত-মধুর হয়ে উঠেছে, কারণ তারা জানতে পেরেছেন যে তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো দেশে নির্বাসন দেওয়া হবে। প্যালেস্টাইন প্রিজনার্স' মিডিয়া অফিস জানিয়েছে, গাজায় আটক ইসরায়েলি বন্দিদের বিনিময়ে সোমবার মুক্তি পাওয়া কমপক্ষে ১৫৪ জন প্যালেস্টাইনি বন্দিকে ইসরায়েল জোরপূর্বক নির্বাসনে পাঠাবে। 

এই নির্বাসিতরা ইসরায়েলের মুক্তি দেওয়া বৃহত্তর প্যালেস্টাইনি গোষ্ঠীর অংশ—যার মধ্যে ইসরায়েলি কারাগারে আটক ২৫০ জন এবং ইসরায়েলের দুই বছরের যুদ্ধের সময় গাজা উপত্যকা থেকে আটক করা প্রায় ১,৭০০ প্যালেস্টাইনি রয়েছেন, যাঁদের অনেককেই জাতিসংঘের মতে "জোরপূর্বক নিখোঁজ" করা হয়েছিল। এই চুক্তির অংশ হিসেবে হামাস ও অন্যান্য প্যালেস্টাইনি গোষ্ঠী গাজা যুদ্ধবিরতি চুক্তির অধীনে ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে। 

মুক্তিপ্রাপ্ত প্যালেস্তিনীয়দের কোথায় পাঠানো হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি, তবে এর আগে জানুয়ারিতে বন্দি মুক্তির সময় ডজনখানেক বন্দিকে তিউনিসিয়া, আলজেরিয়া এবং তুরস্ক সহ এই অঞ্চলের বিভিন্ন দেশে নির্বাসন দেওয়া হয়েছিল। পর্যবেক্ষকরা বলছেন, এই জোরপূর্বক নির্বাসন মুক্তিপ্রাপ্ত বন্দিদের নাগরিকত্বের অধিকার লঙ্ঘন করে এবং এটি বন্দি বিনিময় চুক্তির ক্ষেত্রে দ্বিমুখী নীতির প্রতিফলন। 

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের পাবলিক পলিসির সহযোগী অধ্যাপক তামের কারমাউট আল জাজিরাকে বলেছেন যে এটি নিঃসন্দেহে বেআইনি কারণ "এঁরা প্যালেস্টাইনের  নাগরিক। তাদের অন্য কোনো নাগরিকত্ব নেই। তাঁরা ছোট কারাগার থেকে বেরিয়ে এসে বৃহত্তর এক কারাগারে যাচ্ছেন, যা তাদের সমাজ থেকে দূরে নতুন দেশে নিয়ে যাবে যেখানে তাঁরা বড় ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন হবেন। এটা অমানবিক।" 

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার সাথে কথা বলার সময় প্যালেস্টাইনি বন্দি মুহাম্মদ ইমরানের আত্মীয়-স্বজনরা জানতে পেরে চমকে যান যে ইসরায়েল যাঁদের নির্বাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ তাঁদেরই একজন। মুহাম্মদের ভাই রায়েদ ইমরান জানান যে পরিবারটি এর আগে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে ফোন পেয়েছিল, যিনি নিশ্চিত করেছিলেন যে ৪৩ বছর বয়সী মুহাম্মদকে বাড়িতে মুক্তি দেওয়া হবে এবং মুক্তির পর তিনি কোথায় থাকবেন, তা জানতে চাওয়া হয়েছিল। কিন্তু সোমবার পরিবারটি জানতে পারে যে ২০২২ সালের ডিসেম্বরে গ্রেফতার হওয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত মুহাম্মদকে নির্বাসনে পাঠানো হবে। 

ইমরান বলেন, "আজকের খবরটা ছিল এক ধাক্কা, তবে আমরা এখনও অপেক্ষায় আছি। হয়তো কোনোভাবে তাঁকে দেখতে পাব। গুরুত্বপূর্ণ হলো, তিনি মুক্তি পাচ্ছেন, দেশেই হোক বা বিদেশে।" আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানিয়েছেন, নির্বাসনের অর্থ হলো, ইসরায়েলের সীমান্ত নিয়ন্ত্রণের কারণে তাঁর পরিবারের পক্ষে বিদেশে গিয়ে তাঁর সঙ্গে দেখা করা অসম্ভব হতে পারে। 

কারমাউটের মতে, এই নির্বাসনের উদ্দেশ্য হলো হামাস ও অন্যান্য প্যালেস্টাইনি গোষ্ঠীকে এই বিনিময়ের কোনো সাংকেতিক বিজয় দাবি করা থেকে বঞ্চিত করা এবং নির্বাসিত বন্দিদের রাজনৈতিক বা অন্যান্য কার্যকলাপে জড়িত হওয়া থেকে দূরে রাখা। তিনি বলেন, "নির্বাসন মানেই তাঁদের রাজনৈতিক ভবিষ্যতের সমাপ্তি।" কারমাউট আরও বলেন, এই নির্বাসন হলো মুক্তিপ্রাপ্ত বন্দিদের ওপর জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং তাদের পরিবারের জন্য যৌথ শাস্তি, যা ইসরায়েলের জন্য "জিত-জিত" পরিস্থিতি তৈরি করে। তিনি ইসরায়েলি বন্দিদের অভিজ্ঞতার সঙ্গে এর বৈসাদৃশ্য টেনে একে "আরও দ্বিমুখী নীতি ও ভণ্ডামি" বলে অভিহিত করেন।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪