ডিপ্লোম্যাটিক রিপোর্টার : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। এ সফর হবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রথম সফর।
সোমবার (২০ অক্টোবর) হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট এ তথ্য জানান। জাপানের কিয়োদো নিউজের এক প্রতিবেদনে ট্রাম্পের দক্ষিণ এশিয়া সফরের বিষয়টি উঠে আসে।
ট্রাম্প বলেন, আমরা একটি ন্যায্য চুক্তি করব। আমি চীনের সঙ্গে ভালো সম্পর্ক চাই। প্রেসিডেন্ট শি’র সঙ্গে আমার সম্পর্ক দারুণ। আমি মালয়েশিয়া ও জাপানে থাকব। আমরা মনে করেছি দক্ষিণ কোরিয়ায় সাক্ষাৎ করাটা ভালো হবে এবং আমরা দেখা করব।
কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প আগামী সোমবার (২৭ অক্টোবর) মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সম্মেলনে অংশ নেওয়ার পর তিন দিনের জন্য জাপান সফর করবেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়ায় যাবেন, যেখানে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি