| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লস্কর–জইশসহ পৃষ্ঠপোষকদের ওপর বাড়তি শাস্তিমূলক ব্যবস্থার দাবি

সন্ত্রাস দমনে নতুন সমন্বয়: দিল্লিতে ভারত–যুক্তরাষ্ট্র বৈঠক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৮:৪৬:৪১:অপরাহ্ন  |  ৪০০১২২ বার পঠিত
সন্ত্রাস দমনে নতুন সমন্বয়: দিল্লিতে ভারত–যুক্তরাষ্ট্র বৈঠক
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদ (জেইএম), তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা ও অস্ত্র নিষেধাজ্ঞাসহ অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে একযোগে আহ্বান জানিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আইএসআইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও নতুন করে সন্ত্রাসী তালিকাভুক্তির দাবি তুলেছে দুই দেশ।

শনিবার(৬ ডিসেম্বর) প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদ মোকাবিলায় টেকসই, সমন্বিত ও বৈশ্বিক উদ্যোগ অপরিহার্য। দুই দেশই জাতিসংঘ, কোয়াড এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এ বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘের ১২৬৭ নিষেধাজ্ঞা ব্যবস্থার আওতায় আইএসআইএস, আল-কায়েদা, এলইটি, জেইএম এবং তাদের সহযোগী ও পৃষ্ঠপোষকদের অতিরিক্ত তালিকাভুক্তি নিশ্চিত করতে ভারত ও যুক্তরাষ্ট্র আহ্বান জানায়, যাতে তাদের বিরুদ্ধে বৈশ্বিক সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা ও অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা যায়।

উভয় দেশ সব ধরনের সন্ত্রাসবাদ বিশেষত সীমান্তপারের সন্ত্রাসবাদ কঠোর ভাষায় নিন্দা জানায়। ড্রোন, মানববিহীন উড়োজাহাজ (ইউএভি) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের প্রসার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দুই দেশ পাহালগাম হামলা এবং লালকেল্লার কাছে সাম্প্রতিক জঘন্য সন্ত্রাসী হামলারও তীব্র নিন্দা জানায় এবং দায়ীদের বিচারের আওতায় আনতে জোর দেয়।

সন্ত্রাসী নিয়োগ, প্রযুক্তির অপব্যবহার, সন্ত্রাসী অর্থায়নসহ প্রচলিত ও উদীয়মান হুমকি মোকাবিলায় প্রশিক্ষণ, সাইবার নিরাপত্তা, তথ্য বিনিময় ও সেরা নীতি অনুসরণের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও বিচারিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং পারস্পরিক আইনি সহায়তা সংক্রান্ত অনুরোধে সমন্বয় জোরদার নিয়েও দুই দেশ মতবিনিময় করে।

বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সন্ত্রাসবিরোধী) বিনোদ বাহাদে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্টেট ডিপার্টমেন্টের কাউন্টারটেররিজম ব্যুরোর সিনিয়র ব্যুরো অফিসিয়াল মনিকা জ্যাকবসন।

এর আগে ৩ ডিসেম্বর নয়াদিল্লিতে সন্ত্রাসবিরোধী যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজিজি) ও ‘ডেজিগনেশন ডায়ালগ’-এর বৈঠকে সন্ত্রাস দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ভারত যুক্তরাষ্ট্রকে লস্কর-ই-তৈবার ছদ্মবেশী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) এবং বিশেষভাবে নির্ধারিত বৈশ্বিক সন্ত্রাসী (এসডিজিট) হিসেবে ঘোষণা করায় ধন্যবাদ জানায়। টিআরএফ পাহালগাম হামলার দায় স্বীকার করেছিল।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪