আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে নববর্ষের রাতে সম্ভাব্য একটি ‘আইএসআইএস-অনুপ্রাণিত’ সন্ত্রাসী হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি করেছে এফবিআই। এ ঘটনায় নর্থ ক্যারোলাইনা থেকে ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এফবিআই জানায়, গ্রেপ্তার যুবকের নাম ক্রিশ্চিয়ান স্টারডিভান্ট। দীর্ঘ কয়েক মাসের তদন্ত শেষে নববর্ষের দিনই তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলা বাস্তবায়নের আগেই পরিকল্পনাটি নস্যাৎ করা সম্ভব হয়েছে।
এফবিআইয়ের তথ্যমতে, স্টারডিভান্ট ২০২২ সালের জানুয়ারি থেকেই সংস্থাটির নজরদারিতে ছিলেন। সে সময় তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তদন্তে জানা যায়, তিনি বিদেশে অবস্থানরত আইএসআইএসের এক সদস্যের সঙ্গে যোগাযোগে ছিলেন এবং সেখান থেকে হামলার বিষয়ে নির্দেশনাও পেয়েছিলেন। নির্দেশনায় কালো পোশাক পরা এবং হাতুড়িসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা বলা হয়েছিল।
এফবিআই এক বিবৃতিতে জানায়, নর্থ ক্যারোলাইনায় নববর্ষের রাতে সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি সরাসরি আইএসআইএসের আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিলেন।
ফেডারেল প্রসিকিউটরদের তথ্যমতে, স্টারডিভান্ট ছুরি ও হাতুড়ি ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। অনলাইনে চরমপন্থী সেজে থাকা আন্ডারকভার আইনশৃঙ্খলা কর্মকর্তাদের সঙ্গে তিনি তার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি রাস ফার্গুসন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, অভিযুক্ত যুবক প্রায় এক বছর ধরে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তার ভাষায়, সে জিহাদের প্রস্তুতি নিচ্ছিল এবং নিরীহ মানুষ মারা পড়ার আশঙ্কা ছিল।
তদন্তকারীরা জানান, স্টারডিভান্ট এক আন্ডারকভার কর্মকর্তাকে নিজেকে ‘রাষ্ট্রের একজন সৈনিক’ বলে পরিচয় দেন এবং নববর্ষের রাতেই হামলা চালানোর কথা জানান।
ডিসেম্বরের ২৯ তারিখে স্টারডিভান্টের বাড়িতে তল্লাশি চালিয়ে হাতে লেখা বেশ কয়েকটি নোট উদ্ধার করা হয়। এর একটি নোটের শিরোনাম ছিল ‘নিউ ইয়ার্স অ্যাটাক ২০২৬’। সেখানে ভেস্ট, মাস্ক, ছুরি ও অন্যান্য সরঞ্জামের তালিকা ছিল। নোটে একাধিক ব্যক্তিকে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে নিহত হওয়ার পরিকল্পনার কথাও লেখা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তদন্তে আরও বলা হয়, স্টারডিভান্ট মনে করতেন তিনি আইএসআইএস সদস্যদের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু বাস্তবে তিনি কথা বলছিলেন আন্ডারকভার আইনশৃঙ্খলা কর্মকর্তাদের সঙ্গে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, অংশীদার সংস্থাগুলোর সহযোগিতার কারণে সময়মতো অভিযান চালানো সম্ভব হয়েছে এবং এতে বহু প্রাণ রক্ষা পেয়েছে।
স্টারডিভান্টের বিরুদ্ধে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে। তিনি শার্লটে প্রথম দফা আদালতে হাজির হয়েছেন এবং বর্তমানে ফেডারেল হেফাজতে রয়েছেন। এনডিটিভি
রিপোর্টার্স২৪/এসসি