| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নার্কো-সন্ত্রাসবাদের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হচ্ছেন মাদুরো

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৫:৩৮:১৮:অপরাহ্ন  |  82550 বার পঠিত
নার্কো-সন্ত্রাসবাদের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হচ্ছেন মাদুরো
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: নার্কো-সন্ত্রাসবাদসহ একাধিক গুরুতর অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক হওয়ার কয়েক দিনের মাথায় সোমবার (৬ জানুয়ারি) নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে তাকে হাজির করা হবে।

৬৩ বছর বয়সী মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের বাহিনী আকস্মিক অভিযানে কারাকাস থেকে আটক করে বর্তমানে নিউইয়র্কের ব্রুকলিনে কারাগারে রাখা হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) যুক্তরাষ্ট্রের জেলা বিচারক অ্যালভিন কে. হেলারস্টাইনের আদালতে তাদের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারা আইনজীবী নিয়োগ করেছেন কি না কিংবা অভিযোগের বিষয়ে কী অবস্থান নেবেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জয় ঘোষণার পর থেকেই যুক্তরাষ্ট্র মাদুরোকে অবৈধ শাসক হিসেবে বিবেচনা করে আসছে। তার আটকের ঘটনাকে গত ৩৭ বছরে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত হস্তক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে ১৯৮৯ সালে পানামা আগ্রাসনকে সর্বশেষ বড় সামরিক হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়।

মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, মাদুরো ভেনেজুয়েলার রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি রাষ্ট্রীয় মদদপুষ্ট মাদকচক্রের প্রধান ছিলেন। এই চক্র দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মাদক পাচারকারী গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্র ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে যোগসাজশে বিপুল পরিমাণ কোকেন যুক্তরাষ্ট্রে পাচার করেছে।

২০২০ সালে প্রথমবারের মতো মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা করা হয়। শনিবার প্রকাশিত নতুন অভিযোগপত্রে বলা হয়েছে, মাদুরো সরাসরি একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত কোকেন পাচার নেটওয়ার্ক তদারকি করতেন, যা মেক্সিকোর সিনালোয়া ও জেটাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক গোষ্ঠী এবং ভেনেজুয়েলার অপরাধচক্র ‘ট্রেন দে আরাগুয়া’র সঙ্গে কাজ করত।

অভিযোগপত্রে বলা হয়, “ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং কার্যত শাসক হিসেবে মাদুরো কোকেনভিত্তিক দুর্নীতিকে নিজের, তার শাসকগোষ্ঠীর সদস্যদের এবং পরিবারের স্বার্থে বিকশিত হতে দিয়েছেন।”

মাদুরোর বিরুদ্ধে নর্কো-সন্ত্রাসবাদ, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও বিধ্বংসী অস্ত্র রাখার এবং এসব অস্ত্র রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। প্রতিটি অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে কয়েক দশক থেকে যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হতে পারে।

মার্কিন কৌঁসুলিরা জানান, ২০০০ সালে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মাদুরো মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তিনি পরিচিত মাদক পাচারকারীদের কূটনৈতিক পাসপোর্ট দেন এবং মাদক থেকে অর্জিত অর্থ পরিবহনের জন্য কূটনৈতিক আড়াল ব্যবস্থার আয়োজন করেন বলে অভিযোগ।

২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে মাদুরো ও তার স্ত্রী রাষ্ট্রীয় মদদপুষ্ট অপরাধী গোষ্ঠী ব্যবহার করে জব্দকৃত কোকেন পাচার করেন এবং নিজেদের কার্যক্রম রক্ষায় অপহরণ, মারধর ও হত্যার নির্দেশ দেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

প্রসিকিউটরদের দাবি, প্রেসিডেন্ট হিসেবে মাদুরো মাদক পাচারের রুট নির্ধারণ করতেন, সামরিক বাহিনী দিয়ে চালান সুরক্ষিত করতেন, সহিংস মাদকচক্রকে আশ্রয় দিতেন এবং রাষ্ট্রপতির সরকারি স্থাপনা ব্যবহার করে মাদক পরিবহন করতেন।

আইন বিশেষজ্ঞদের মতে, মাদুরোর সরাসরি সম্পৃক্ততার শক্ত প্রমাণ উপস্থাপন করতে না পারলে আদালতে দোষী সাব্যস্ত করা কঠিন হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ মামলাকে ‘আইনের শাসন প্রতিষ্ঠার নজির’ হিসেবে তুলে ধরা হচ্ছে।

মাদুরোর আটক ও বিচারের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের একটি অংশ যুক্তরাষ্ট্রের এই অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার এ বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘটনাটিকে ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হিসেবে আখ্যা দিয়েছেন। রাশিয়া ও চীনও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে।

দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে কঠোর হাতে ভেনেজুয়েলা শাসন করা মাদুরোর পতনের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। -রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪