| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন কোম্পানির কারখানা ক্ষতিগ্রস্ত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৫:২১:৫১:অপরাহ্ন  |  ৯৮৬৭১৯ বার পঠিত
খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন কোম্পানির কারখানা ক্ষতিগ্রস্ত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে রাশিয়া। একই সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোতে যুক্তরাষ্ট্রভিত্তিক কৃষিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বাঞ্জে (Bunge)-এর একটি কারখানায় হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

সোমবার (৫ জানুয়ারি) রাশিয়া খারকিভে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেন, এই হামলা কেবল স্থাপনায় নয়, বরং শহরের তাপ সরবরাহ, পানি ব্যবস্থা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের ওপর সরাসরি আঘাত।তার ভাষায়, “তারা ভয় ও অন্ধকারের মাধ্যমে আমাদের ভেঙে দিতে চায়।”

তিনি কোন কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি। তবে খারকিভ আঞ্চলিক প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, হামলায় অন্তত একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

দিনিপ্রোতে মার্কিন কোম্পানির কারখানায় হামলা

দিনিপ্রো শহরে রাশিয়ার হামলায় বাঞ্জে কোম্পানির একটি স্থাপনায় প্রায় ৩০০ মেট্রিক টন সূর্যমুখী তেল লিক হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র বোরিস ফিলাতভ। তিনি জানান, তেল ছড়িয়ে পড়ায় নদীর পাশের একটি গুরুত্বপূর্ণ সড়ক দুই থেকে তিন দিনের জন্য বন্ধ রাখতে হতে পারে। পরিস্থিতি সামাল দিতে ইউটিলিটি কর্মীরা বালু ও নুড়ি ছড়িয়ে পরিষ্কার কাজ চালাচ্ছেন।

বাঞ্জে কোম্পানির মুখপাত্র ক্রিস্টি ডিক্সন জানান, দিনিপ্রোর কারখানার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করা হচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতির প্রভাব কমানোর চেষ্টা চলছে। তিনি বলেন, হামলায় কারখানার কোনো কর্মী আহত হননি এবং বর্তমানে কর্মীদের নিরাপত্তা ও কার্যক্রম পুনরায় শুরু করাই তাদের অগ্রাধিকার।

মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করেই হামলা

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, দিনিপ্রোর এই হামলা প্রমাণ করে যে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে থাকা মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন,এই হামলা কোনো ভুল নয়—রাশিয়া একাধিকবার এই স্থাপনায় আঘাত হানার চেষ্টা করেছে। এটি মার্কিন নেতৃত্বাধীন শান্তি প্রচেষ্টার প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পূর্ণ অবজ্ঞার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধে শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া এখন অত্যন্ত জরুরি।এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শীতের মধ্যে জ্বালানি অবকাঠামোতে হামলা

রাশিয়া সীমান্তবর্তী খারকিভ শহরে এক মিলিয়নের বেশি মানুষের বসবাস। সোমবার সেখানে দিনের তাপমাত্রা ছিল মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস, যা রাতে আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার তথ্যমতে, সর্বশেষ হামলার আগেও শহরবাসী গড়ে দিনে মাত্র ১৪ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছিল।

নভেম্বরের পর থেকে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ও লজিস্টিক অবকাঠামোর ওপর হামলার মাত্রা ও তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে রাশিয়া। এর ফলে বিভিন্ন অঞ্চল দীর্ঘ সময় বিদ্যুৎ ও তাপ সরবরাহহীন হয়ে পড়ছে।

ডিসেম্বরের শেষ দিকে বড় ধরনের হামলায় রাজধানী কিয়েভের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা তাপ সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সময়ে ইউক্রেনের প্রধান সমুদ্রবন্দর ওডেসা কয়েক দিন ধরে প্রায় সম্পূর্ণ বিদ্যুৎহীন ছিল। এছাড়া চেরনিহিভ ও দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের তাপ উৎপাদন কেন্দ্রগুলোতেও হামলা চালানো হয়েছে।

কূটনৈতিক তৎপরতা

ইতমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার প্যারিসে ইউক্রেনবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে ৩০টির বেশি দেশের নেতা অংশ নেওয়ার কথা রয়েছে। রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪