স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে প্রথম সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককে নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছেন সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হ্যাটট্রিকসহ মোট চারটি গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়া জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কৃষ্ণা রানী সরকার ও নওশন জাহান। আক্রমণভাগে সাবিনা-কৃষ্ণা-নীলাদের তাণ্ডবে পুরো ম্যাচজুড়েই অসহায় হয়ে পড়ে পাকিস্তানের মেয়েরা।
এই বড় জয়ের ফলে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী, সবকিছু অনুকূলে থাকলে আজই প্রথম সাফ নারী ফুটসালের শিরোপা নিশ্চিত করতে পারে লাল-সবুজের প্রতিনিধিরা।
বর্তমানে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এক পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে ভুটান। আজ ভারত যদি ভুটানের বিপক্ষে ড্র করে, তাহলে ভারতের পয়েন্ট হবে ১০ এবং ভুটানের ৯। সে ক্ষেত্রে শেষ ম্যাচে বাংলাদেশ হারলেও শিরোপা উঠবে সাবিনাদের হাতেই।
অন্যদিকে, যদি ভারত শেষ ম্যাচে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে বাংলাদেশের সমান ১৩। তবে সাফ ফুটসালের বাইলজ অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে হেড-টু-হেড লড়াইয়ে যে দল এগিয়ে থাকবে, তারাই হবে চ্যাম্পিয়ন। যেহেতু বাংলাদেশ ইতোমধ্যেই ভারতকে হারিয়েছে, তাই পয়েন্ট সমান হলেও শিরোপা নিশ্চিত হবে বাংলাদেশের।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেন বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধেই ৬-০ গোলের বড় লিড নেয় দল। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল যোগ করলেও একটি গোল হজম করতে হয়। তবুও বিশাল ব্যবধানে জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ে সাবিনাদের দল। সব মিলিয়ে প্রথম সাফ নারী ফুটসালে ইতিহাস গড়ার খুব কাছেই এখন বাংলাদেশ। আজকের ম্যাচগুলোর ফলাফলের দিকেই তাকিয়ে আছে দেশের ফুটবলপ্রেমীরা।
রিপোর্টার্স২৪/ঝুম