| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তানজিদ তামিমের সেঞ্চুরিতে ফাইনালে বড় সংগ্রহ রাজশাহীর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ২০:১৪:১৪:অপরাহ্ন  |  ৬৬৩৭০০ বার পঠিত
তানজিদ তামিমের সেঞ্চুরিতে ফাইনালে বড় সংগ্রহ রাজশাহীর
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিপিএলের এবারের আসরে নিয়মিত রান পেলেও প্রত্যাশিত বড় ইনিংস পাচ্ছিলেন না তানজিদ হাসান তামিম। আগের ১২ ইনিংসে ছিল মাত্র একটি ফিফটি। তবে সবচেয়ে প্রয়োজনের দিনে ঠিকই জ্বলে উঠল তার ব্যাট। ফাইনালের মঞ্চে মিরপুরে দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন বাঁহাতি ওপেনার।

ব্যাটকে যেন তুলি বানিয়ে পুরো ইনিংসজুড়ে রঙ ছড়িয়েছেন তানজিদ তামিম। মাঠের চারদিকেই শট খেলেছেন আত্মবিশ্বাসের সঙ্গে। ১৬১.২৯ স্ট্রাইক রেটে খেলা ইনিংসটি সাজান ৭ ছক্কা ও ৬ চারে। যদিও সেঞ্চুরি পূর্ণ করার পর ইনিংসটি আরও বড় করতে পারেননি।

৬১ বলে সেঞ্চুরি পূর্ণ করার পরের বলেই আউট হন তানজিদ তামিম। তবু তিন অঙ্ক স্পর্শ করে একটি বিশেষ কীর্তি গড়েছেন তিনি। বিপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটার হিসেবে ফাইনালে সেঞ্চুরি পেলেন ২৫ বছর বয়সী এই ওপেনার। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল—তিনজনই বাঁহাতি ওপেনার, যা কাকতালীয় হলেও দারুণ এক পরিসংখ্যান।

তানজিদের এই ইনিংসে অবশ্য চট্টগ্রাম রয়্যালসের ফিল্ডারদের বদান্যতাও ছিল। ব্যক্তিগত ৩৫ রানে তার ক্যাচ ছাড়েন শরীফুল ইসলাম। পরে ৫৪ রানে তাকে দ্বিতীয়বার জীবন দেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসকে দেয় ১৭৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে শাহিবজাদা ফারহান–এর সঙ্গে ৮৩ রান যোগ করেন তানজিদ। ফারহান ৩০ রানে আউট হওয়ার পর কেন উইলিয়ামসন–এর সঙ্গে ৪৭ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে দলের স্কোর মজবুত করেন তানজিদ।

ফাইনালের মঞ্চে এমন এক ইনিংসেই রাজশাহী পায় বড় সংগ্রহের ভিত।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪