স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ মূলত টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ করা এবং রেমিট্যান্স ও রফতানি খাতে গতিশীলতা বৃদ্ধির জন্য নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এ নিলামে প্রতি ডলারের ক্রয়মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা। এ ক্রয়ের মাধ্যমে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংক মোট ৯৬৬ মিলিয়ন ডলার কিনেছে। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ হাজার ৮৯৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে দেশের বাজারে যোগ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিয়মিতভাবে ডলার নিলাম পরিচালনার মাধ্যমে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রফতানি খাতকে সহায়তা করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের নিলাম পদ্ধতি দেশের বৈদেশিক মুদ্রার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়ক এবং বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যকে উৎসাহিত করে।
রিপোর্টার্স২৪/বাবি