| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তিতে যা আছে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ২১:২৬:৩৬:অপরাহ্ন  |  ৫৯৪৬৬৫ বার পঠিত
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তিতে যা আছে
ছবির ক্যাপশন: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত Agreement on BD-US Reciprocal Trade (ART) চুক্তির আওতায় পারস্পরিক শুল্কহার কমে ১৯ শতাংশে নির্ধারিত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রায় ২,৫০০ পণ্যে শূন্য শুল্ক সুবিধা (ডিউটি-ফ্রি মার্কেট অ্যাকসেস) নিশ্চিত হয়েছে।

২০২৫ সালের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ নম্বর ১৪২৫৭ অনুযায়ী বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর Reciprocal Tariff (RT) আরোপ করা হয়। এর পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

পরবর্তীতে যুক্তরাষ্ট্র বাণিজ্য অংশীদার দেশগুলোর কাছে একটি অভিন্ন RT চুক্তির খসড়া পাঠায়। আলোচনায় অংশ নেওয়া দেশগুলোর জন্য ৩০ আগস্ট সংশোধিত হার নির্ধারণ করা হলে বাংলাদেশের ক্ষেত্রে তা দাঁড়ায় ২০ শতাংশ। দীর্ঘ ৯ মাসের ধারাবাহিক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে বাংলাদেশ শুল্কহার আরও কমিয়ে ১৯ শতাংশে নামাতে সক্ষম হয়।

আলোচনায় নেতৃত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ এবং ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সক্রিয়ভাবে অংশ নেয়। আন্তঃমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়।

চুক্তির আওতা

চুক্তিতে পণ্য ও সেবা বাণিজ্য, কাস্টমস প্রক্রিয়া, বাণিজ্য সহজীকরণ, রুলস অব অরিজিন, স্বাস্থ্য ও উদ্ভিদ সুরক্ষা (SPS), কারিগরি বাধা (TBT), বিনিয়োগ, ই-কমার্স, সরকারি ক্রয়, শ্রম, পরিবেশ, প্রতিযোগিতা, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতাসহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ পূর্ব থেকেই WTO-TRIPS, ILO ও অন্যান্য আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী হওয়ায় নতুন কোনো অতিরিক্ত শর্ত আরোপ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তৈরি পোশাক খাতে বিশেষ সুবিধা

চুক্তির গুরুত্বপূর্ণ দিক হলো: যুক্তরাষ্ট্র থেকে তুলা ও কৃত্রিম তন্তু আমদানি করে উৎপাদিত পোশাক যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে শূন্য RT সুবিধা পাওয়া যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই তৈরি পোশাক। ফলে এ সুবিধা রপ্তানি বাজার ধরে রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ যে পণ্য যুক্তরাষ্ট্র থেকে ক্রয়ের অঙ্গীকার করেছে, সেগুলো আগে অন্য উৎস থেকে আমদানি করা হতো। ফলে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি না হয়ে মূলত আমদানির উৎসে পরিবর্তন আসবে।

উল্লেখযোগ্য বৈশিষ্ট্য

ডিজিটাল ট্রেডে স্বাধীনতা: মালয়েশিয়া ও কম্বোডিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ART চুক্তিতে ডিজিটাল ট্রেড বিষয়ে পূর্বানুমোদনের শর্ত থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে তেমন বিধান রাখা হয়নি।

Rules of Origin নমনীয়: ভ্যালু অ্যাডিশনের নির্দিষ্ট হার উল্লেখ না থাকায় রপ্তানিতে সুবিধা পাওয়া সহজ হবে।

টেক্সটাইল ইনপুট সুবিধা: মার্কিন তুলা ও man-made fiber ব্যবহার করে উৎপাদিত পণ্যে শুল্কমুক্ত বাজার প্রবেশের সুযোগ সৃষ্টি হয়েছে,যা কিছু অন্যান্য দেশের চুক্তিতে নেই।

২,৫০০ পণ্যে শূন্য শুল্ক: ওষুধ, কৃষিপণ্য, প্লাস্টিক, কাঠ ও কাঠজাত পণ্যসহ প্রায় ২,৫০০ পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে।

অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে ৭,১৩২টি ট্যারিফ লাইনে মার্কিন পণ্যের জন্য বাজার উন্মুক্ত করা হয়েছে। এর মধ্যে—

৪,৯২২টি ট্যারিফ লাইনে চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে শূন্য শুল্ক (৪৪১টি আগে থেকেই শূন্য);

১,৫৩৮টি লাইনে ৫ বছরে ধাপে ধাপে শূন্য;

৬৭২টি লাইনে ১০ বছরে শূন্য;

৩২৬টি লাইনে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়নি।

বাংলাদেশের ক্ষেত্রে ধাপে ধাপে শুল্ক হ্রাস (staging) অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অন্যান্য দেশের ART চুক্তিতে ছিল না।

অন্যান্য অঙ্গীকার

চুক্তিতে paperless trade, IPR enforcement, ই-কমার্সে permanent moratorium সমর্থন, নন-ট্যারিফ বাধা হ্রাস, FDA সনদভিত্তিক মেডিক্যাল ডিভাইস ও ফার্মাসিউটিক্যাল আমদানি, কৃষিপণ্যে SPS স্বীকৃতি, পরিবেশ ও শ্রম আইনের যথাযথ প্রয়োগ, অবৈধ মৎস্য আহরণে (IUU) ভর্তুকি না দেওয়া, বিনিয়োগে ইকুইটি সীমা শিথিলকরণসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া চুক্তিতে একটি exit clause সংযোজন করা হয়েছে, যা প্রয়োজনে বাংলাদেশকে চুক্তি থেকে সরে আসার সুযোগ দেবে।

সামগ্রিক মূল্যায়ন

সংশ্লিষ্টরা আশা করছেন, এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বজায় থাকবে। পাশাপাশি বৈশ্বিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি ও দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সুফল অর্জনে সহায়ক হবে এই ART চুক্তি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪