| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানুষ নয়, ডাক্তারই পৌঁছাবে মানুষের দ্বারে: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২০, ২০২৬ ইং | ২০:৫২:০৭:অপরাহ্ন  |  ৮৯৭৪০৫ বার পঠিত
মানুষ নয়, ডাক্তারই পৌঁছাবে মানুষের দ্বারে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। একইসঙ্গে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নরসিংদীর মনোহরদী উপজেলার হাফিজপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। চিকিৎসাসেবাকে সহজলভ্য ও সার্বজনীন করার মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি আশা প্রকাশ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত লক্ষ্যসমূহ পূরণ করা সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি যেমন দায় রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও আমাদের সমান দায়িত্ব রয়েছে।সব ধরনের প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।

নরসিংদীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, আপনাদের দোয়া চাই, যেন দ্রুত নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপন করতে পারি। এছাড়া দেশের যেখানে প্রয়োজন হবে, সেখানে নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।

তিনি জানান, নরসিংদীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ যেসব স্বাস্থ্যপ্রতিষ্ঠান এখনো চালু হয়নি, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলায় দুটি আইসিইউ ইউনিট স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ দোলন, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪