আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)-এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬’-এ প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০টি বিভাগ স্থান পেয়েছে। এটি বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ অর্জন।
ঢাবির জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৭ মার্চ) এ তথ্য জানানো হয়। কিউএস ২৫ মার্চ র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে। গতবার ঢাবির ৯টি বিভাগ র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছিল। প্রতি বছরের মার্চ মাসে বিষয়ভিত্তিক এই তালিকা প্রকাশ করা হয়।
এবার র্যাঙ্কিংয়ে দুটি ক্যাটাগরি রাখা হয়েছে। প্রথমত, প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট), যেখানে পাঁচটি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে ঢাবির তিনটি ক্যাটাগরি স্থান পেয়েছে। দ্বিতীয়ত, নির্দিষ্ট বিষয় (ন্যারো সাবজেক্ট), যেখানে ৫৫টি বিভাগ রয়েছে; এর মধ্যে ১০টি বিভাগের স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ব্রড সাবজেক্ট র্যাঙ্কিংয়ের মধ্যে সোশ্যাল সাইন্স ও ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাবির অবস্থান ৩৭১তম, যা দেশের মধ্যে প্রথম। এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত:
অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স: ৩০১–৩৭৫তম
ইকোনমিক অ্যান্ড ইকোনোমেট্রিকস: ৩০১–৩৫০তম
বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ: ৪০১–৪৫০তম
ন্যাচারাল সাইন্স ক্যাটাগরিতে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশের প্রতিনিধি। বৈশ্বিক অবস্থান: ৫০১–৫৫০তম। অন্তর্ভুক্ত বিভাগগুলো:
রসায়ন: ৫৫১–৬০০তম
পরিবেশ বিজ্ঞান: ৪০১–৪৫০তম
পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা: ৫০১–৫৫০তম
লাইফ সাইন্স ও মেডিসিন ক্যাটাগরিতে ঢাবির ব্রড সাবজেক্টে স্থান হয়নি। তবে জীববিজ্ঞান বিভাগে অবস্থান ৬৫১–৭০০তম।
ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি ক্যাটাগরিতে ঢাবির অবস্থান ৩৬৪তম। অন্তর্ভুক্ত বিভাগগুলো:
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস: ৫৫১–৬০০তম
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং: ৫০১–৫৫০তম
মেকানিক্যাল, অ্যারোনেটিক্যাল ও ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং: ৫০১–৫৭৫তম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষার মানকে আন্তর্জাতিক পর্যায়ে প্রমাণ করেছে।
রিপোর্টার্স২৪/বাবি