আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে সরাসরি শান্তি আলোচনা শুরু করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, লেবাননের পক্ষ থেকে বারবার সরাসরি আলোচনার আহ্বানের প্রেক্ষিতে আমি মন্ত্রিসভাকে যত দ্রুত সম্ভব আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছি। তিনি জানান, এই আলোচনার মূল বিষয় হবে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং ইসরায়েল-লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা।তবে নেতানিয়াহুর এই বক্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি লেবানন সরকার।
এর এক ঘণ্টা আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, বর্তমান সংকটের একমাত্র সমাধান হলো ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং এরপর সরাসরি আলোচনায় বসা। তিনি জানান, এ বিষয়ে একটি কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন, যা আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া পাচ্ছে।
উল্লেখ্য, গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের দিকে হামলা শুরু করলে নতুন করে লেবাননে সামরিক অভিযান জোরদার করে ইসরায়েল। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ১,৭০০ মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি