স্টাফ রিপোর্টার: পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ আরাফাতের খুতবা চলতি বছর বাংলাসহ মোট ৫০টি ভাষায় অনুবাদ ও সম্প্রচার করা হবে। টানা সপ্তমবারের মতো এবারও বাংলা ভাষায় হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হচ্ছে।
সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী জেনারেল প্রেসিডেন্সি বিভাগের অধীনে এ অনুবাদ কার্যক্রম পরিচালিত হবে।
এ বছর বাংলা ভাষার অনুবাদ টিমে দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক এবং নাজমুস সাকিব।
জানা গেছে, তারা সবাই সৌদি আরবের উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী। বাংলা ভাষায় খুতবা অনুবাদ প্রকল্পে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, যিনি বর্তমানে বাংলা বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, আরাফাতের খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় একযোগে সম্প্রচার করা হবে, যাতে মুসলিম উম্মাহ নিজ নিজ ভাষায় ইসলামের বার্তা গ্রহণ করতে পারে। তিনি বলেন, এটি একটি অত্যন্ত সম্মানজনক দায়িত্ব এবং বাংলাদেশি হিসেবে এতে অংশ নিতে পারা গর্বের বিষয়।
আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র আরাফাতের ময়দানে হজের মূল খুতবা প্রদান করবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। সেদিন বিশ্বের লাখো হাজি অংশ নেবেন এই ঐতিহাসিক সমাবেশে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৮ সালে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় শুরু হওয়া এই অনুবাদ প্রকল্প ধীরে ধীরে বিস্তৃত হয়ে বর্তমানে ৫০টিরও বেশি ভাষায় সম্প্রচারিত হচ্ছে। ২০২০ সালে প্রথমবারের মতো বাংলা ভাষা এতে যুক্ত হয়।
এছাড়া শুধু আরাফাতের খুতবাই নয়, জুমার খুতবা, ঈদের খুতবা এবং বিভিন্ন ধর্মীয় গুরুত্বপূর্ণ বক্তব্যও বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ ঝুম