| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা: স্পিকার

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ২৩:১৮:১৭:অপরাহ্ন  |  ১৫৮ বার পঠিত
বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা: স্পিকার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপে দলটির সাফল্যও কামনা করেছেন তিনি।

শনিবার (২৩ মে) যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আর্জেন্টিনার রাষ্ট্রদূত যখন বক্তব্য দিতে উঠলেন, তখন উপস্থিত সবাই হাততালি দিয়েছেন। এটিই প্রমাণ করে আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। আসন্ন বিশ্বকাপে আমরা তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

দেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব নিয়েও মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, গত দুই দশকে ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে চলে গেছে এবং প্রকৃত ক্রীড়ামোদীদের সংখ্যা কমে যাচ্ছে।

তিনি আরও বলেন, আগে মানুষ ক্রীড়াঙ্গনে কিছু দিতে আসত, এখন অনেকে নিতে আসে। ক্রীড়ামোদীদের জায়গা ব্যবসায়ী ও রাজনীতিকরা দখল করেছে। এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। নাসের জাহেদীর মতো ১০ জন ক্রীড়ামোদী থাকলে আমরা এতদিনে বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে যেতাম। তিনি এই উদ্যোগ চালিয়ে যাবেন বলে প্রত্যাশা করি।

দিনব্যাপী এ আয়োজনে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলার অংশ নেয়। অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, আর্জেন্টিনা থেকে কোচ আনা এবং প্রতিভাবান খেলোয়াড়দের সেখানে প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস বলেন, শিশুদের আগ্রহ ও অংশগ্রহণ বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ তৈরি করছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪