| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লঙ্কান লিগে সরাসরি চুক্তিতে সাকিব, একই দলে খেলবেন তাসকিন

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ১৭:১০:৪৬:অপরাহ্ন  |  ৫৭৩ বার পঠিত
লঙ্কান লিগে সরাসরি চুক্তিতে সাকিব, একই দলে খেলবেন তাসকিন

স্পোর্টস ডেস্ক: ২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু হতে এখনো বাকি দেড় মাস। শুক্রবার থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করেছে। এখন পর্যন্ত দুই বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন এবারের এলপিএলে। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ খেলবেন একই দলে।

গত রাতে সাকিবকে সরাসরি চুক্তিতে নিয়েছে জাফনা কিংস। আজ ফ্র্যাঞ্চাইজিটি তাসকিনকে দলে ভিড়িয়েছে। এলপিএল নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের তারকা পেসারের দল পাওয়ার কথা নিশ্চিত করেছে। তাসকিনকে নিয়ে এলপিএল লিখেছে, ‘জাফনার বোলিং আক্রমণে যোগ হলো এক ভয়ংকর ফাস্ট-বোলিং শক্তি। তাসকিন আহমেদকে নিয়ে ২০২৬ এলপিএলের আগে বোলিংয়ে শক্তি বাড়াল জাফনা কিংস। গতি রয়েছে অনেক। পাশাপাশি আগ্রাসন ও বড় ম্যাচের চাপ সামলানোর ক্ষমতা রয়েছে তার।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাইরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত মুখ এখন তাসকিন। জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাতের টি-টেনের পাশাপাশি খেলেছেন এলপিএলেও। সবশেষ ২০২৪ এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচে ১০.২৭ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। এই একবারই তিনি এলপিএলে খেলেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটেও সময়টা দারুণ কাটছে তাসকিনের। পাকিস্তান-নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ, পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই—এ বছর বাংলাদেশের সাফল্যে অসাধারণ অবদান রেখেছেন তিনি। ৫ ওয়ানডে খেলে এ বছর ৫.২৮ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। আর সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে পেয়েছেন ৬ উইকেট।

২ বছর পর মাঠে গড়াচ্ছে এলপিএল। সবশেষ ২০২৪ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা কিংস। এবার এলপিএল শুরু হচ্ছে ১৭ জুলাই থেকে। ফাইনাল ৮ মার্চ। কলম্বো ক্যাপস, ক্যান্ডি রয়্যালস, জাফনা কিংস, ডাম্বুলা সিক্সার্স, গল গ্যালান্টস—এই পাঁচ দল অংশ নিচ্ছে এবার। এবার পঞ্চমবারের মতো হচ্ছে এলপিএল।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪