স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলবেন কি না এ নিয়ে দীর্ঘদিন ধরেই ধোঁয়াশা তৈরি করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বারবার তিনি জানিয়ে আসছিলেন, সময় হলেই নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তবে বিশ্বকাপ ঘনিয়ে এলেও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তিনি। এতে সমর্থকদের মধ্যে বাড়ছিল অনিশ্চয়তা।
অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা। তিনি নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপে খেলছেন লিওনেল মেসি।
সম্প্রতি রেডিও লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ালা বলেন, “মেসি ইতোমধ্যেই নিশ্চিত। সে-ই প্রথম খেলোয়াড় যে বিশ্বকাপে যাচ্ছে।”
তার এই মন্তব্যের পর স্বস্তি ফিরেছে আর্জেন্টিনার কোটি কোটি সমর্থকের মাঝে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মেসির অবসর নিয়ে যেসব গুঞ্জন ছড়িয়েছিল, তার মধ্যেই এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
বিশ্বকাপের চূড়ান্ত দল নিয়েও কথা বলেন আয়ালা। তবে এখনই স্কোয়াড প্রকাশ করতে রাজি নন তিনি। রসিকতা করে বলেন, “আমরা এমন কলম দিয়ে তালিকা করছি, যেটা মুছে ফেলা যায়। শেষ পর্যন্ত অপেক্ষা করুন, তারপর তালিকা দেব।”
৩৭ বছর বয়সী মেসিকে ঘিরে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের গুঞ্জন উঠলেও আর্জেন্টিনা শিবিরে তাকে ঘিরে এখনো পূর্ণ আস্থা রয়েছে। জানা গেছে, বিষয়টি নিয়ে কোচ লিওনেল স্কালোনিও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
২০২২ কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। সেই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই এবার মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
আগামী ১৬ জুন অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
রিপোর্টার্স২৪/ ঝুম