| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানামার জালে ব্রাজিলের ৬ গোল

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১১:৩৮:৫২:পূর্বাহ্ন  |  ১০৭০ বার পঠিত
পানামার জালে ব্রাজিলের ৬ গোল

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে নেমে দারুণ এক গোল উৎসব করেছে ব্রাজিল। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পানামাকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ব্রাজিল। খেলার মাত্র দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ম্যাচের ধারার বিপরীতে হঠাৎই সমতায় ফেরে পানামা। একটি ফ্রি-কিক থেকে পানামার মাইকেল মুরিলোর নেওয়া বল ব্রাজিলের মাথিউস কুনিয়ার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে আত্মঘাতী গোলে ১-১ সমতা ফেরে।

তবে সেই ধাক্কা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো দুর্দান্ত এক গোলে দলকে আবারও এগিয়ে দেন। ২-১ ব্যবধানে লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।

বিরতির পর যেন আরও ভয়ংকর রূপ নেয় ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তি একসঙ্গে ১০ জন খেলোয়াড় বদল করেও দলের ছন্দে কোনো ভাটা পড়তে দেননি। বরং এরপরই শুরু হয় গোলের বন্যা।

প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। এরপর লুকাস পাকেতার নেওয়া শট পানামার কর্দোবার গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান আরও বাড়ে।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। এরপর প্রতিপক্ষের ডি-বক্সে দুর্দান্ত এক টার্ন নিয়ে চমৎকার ফিনিশিংয়ে ষষ্ঠ গোল করেন ডিফেন্ডার দানিলো।

পুরো ম্যাচে কোণঠাসা হয়ে থাকলেও পানামা শেষ দিকে একটি সান্ত্বনার গোল আদায় করে নেয়। হার্ভের চোখধাঁধানো দূরপাল্লার শট ব্রাজিলের জালে আশ্রয় নিলে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল উদযাপন করে তারা।

তবে সামগ্রিকভাবে ম্যাচজুড়ে ব্রাজিলের পাসিং, বল নিয়ন্ত্রণ এবং নিখুঁত ফিনিশিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পানামা। ম্যাচে ব্রাজিল মোট ১৪টি শট নেয় এবং তাদের প্রত্যাশিত গোলের (এক্সজি) পরিমাণ ছিল ২ দশমিক ২৬। বিশ্বকাপের আগে এই প্রস্তুতি ম্যাচে পুরো স্কোয়াডকে ব্যবহার করে বিভিন্ন কৌশল যাচাই করে দেখেছেন আনচেলত্তি।

পানামার বিপক্ষে দাপুটে জয়ের পর আগামী ৭ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর শুরু হবে বিশ্বকাপ মিশন।

আগামী ১৪ জুন ‘সি’ গ্রুপে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪