স্পোর্টস ডেস্ক: নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মতো হার দেখল বাংলাদেশ। রোববার অনুষ্ঠিত ম্যাচে ডাচদের কাছে ৮ রানে পরাজিত হয়েছেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
এর আগে টি-টোয়েন্টিতে তিনবার মুখোমুখি হলেও কখনোই বাংলাদেশের বিপক্ষে জয় পায়নি নেদারল্যান্ডস। শুধু টি-টোয়েন্টি নয়, কোনো ফরম্যাটেই টাইগ্রেসদের হারাতে পারেনি তারা। তবে এবার সেই ইতিহাস বদলে দিয়েছে ডাচরা।
ম্যাচে টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৪ রান তুলেই থেমে যায় তারা।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫১ বলে ৭টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭৭ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। তবে তার এই লড়াকু ইনিংসও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি।
শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮ রান। কিন্তু ওই ওভারে ৯ রান তুলতে সক্ষম হয় দল, হারায় তিনটি উইকেট। জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ ওভারে আউট হন নিগার।
বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ওপেনার জুইয়ারিয়া ফেরদৌস। অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন।
এর আগে নেদারল্যান্ডসের ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার হেদার সিজার্স। ৪৩ বলে খেলা তার ইনিংসে ছিল আগ্রাসী ব্যাটিংয়ের ছাপ। এছাড়া ফিবি মোলকেনবোয়ের ২৯ এবং স্টেরে ক্যালিস ২৮ রান করেন। তাদের অবদানে ডাচরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ দাঁড় করায়।
বাংলাদেশের বোলারদের মধ্যে ফারিয়া দুটি উইকেট নেন। এছাড়া রাবেয়া খান ও মারুফা আক্তার একটি করে উইকেট শিকার করেন।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছেও ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। টানা দ্বিতীয় পরাজয়ে টুর্নামেন্টে চাপে পড়ে গেল টাইগ্রেসরা।
রিপোর্টার্স২৪/বাবি