| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ সিরিজে নাহিদ রানা হুমকি, স্বীকার করল অস্ট্রেলিয়া

reporter
  • আপডেট টাইম: জুন ০৮, ২০২৬ ইং | ২২:৪৪:০২:অপরাহ্ন  |  ১৭০ বার পঠিত
বাংলাদেশ সিরিজে নাহিদ রানা হুমকি, স্বীকার করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: মাত্র দুই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানা। গতি, বাউন্সার এবং লেংথের বৈচিত্র্যে ব্যাটসম্যানদের জন্য যিনি ইতোমধ্যেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। ক্রিকেট বিশ্লেষকদের মতে, বাংলাদেশ দলের এই পেসার এখন বিশ্ব ক্রিকেটের নজরকাড়া এক নাম।

পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক দুই সিরিজেই সিরিজসেরা হয়েছেন নাহিদ রানা। দুই সিরিজেই নিয়েছেন ৮টি করে উইকেট এবং উভয় সিরিজেই পেয়েছেন ফাইফারের কীর্তি। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির পাশাপাশি বাউন্সার ও ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রাখছেন তিনি।

আগামীকাল সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে আলোচনা এখন অস্ট্রেলিয়া শিবিরেও।

অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস সংবাদ সম্মেলনে বলেন, আমি তার বোলিং খুব বেশি দেখিনি। তবে যতটুকু দেখেছি, তাকে একজন দারুণ বোলার মনে হয়েছে। সে অনেক লম্বা এবং অনেক জোরে বোলিং করে। এই সিরিজে তাকে খেলা কঠিন হবে।

এর আগে পাকিস্তান সফরে ২-১ ব্যবধানে সিরিজ হেরে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজে দারুণ পারফর্ম করেন নাথান এলিস, যিনি ৭ উইকেট নিয়ে যৌথভাবে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী হন এবং একটি ম্যাচে ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বাংলাদেশ সিরিজে এলিস ও বেন ডোয়ারশুইসের মতো বোলারদের ওপর ভরসা রাখছে অজিরা। ইংলিস বলেন, এলিস অনেক দিন ধরে ভালো করছে। তাদের অভিজ্ঞতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এই সিরিজে তারা কেমন করে, তা দেখতে আমরা মুখিয়ে আছি।

অন্যদিকে, দলের অনুপস্থিতি নিয়েও কথা বলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ এবং ট্রাভিস হেডকে এই সিরিজে না পাওয়া দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মার্শ ও হেডের না থাকা অবশ্যই দুর্ভাগ্যজনক। তবে বিশ্বকাপ সামনে রেখে এটা দল গঠনের প্রক্রিয়ার অংশ। নতুন কম্বিনেশন পরীক্ষা করার সুযোগও এটি।

আইপিএল খেলে আসা ইংলিস মিরপুরের উইকেটকে ভারতের কন্ডিশনের সঙ্গে ভিন্ন বলে উল্লেখ করেন। তিনি বলেন, মিরপুরের উইকেট ভারতের চেয়ে একেবারেই আলাদা। এখানে ওয়ানডে ম্যাচের কন্ডিশন বুঝে খেলতে হবে।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১১ ও ১৪ জুন। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪