স্পোর্টস ডেস্ক: মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করে মূল্যবান এক পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ অলিম্পিক দল। সোমবার মালের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের দুর্দান্ত নৈপুণ্যে শক্তিশালী পাকিস্তানকে রুখে দেয় বাংলাদেশের তরুণরা।
বাফুফে দলটিকে অলিম্পিক দল হিসেবে ঘোষণা করলেও ২৩ বছরের নিচের অনেক খেলোয়াড় বর্তমানে সিনিয়র জাতীয় দলের সঙ্গে সান মারিনো সফরে থাকায় তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই মাঠে নামে বাংলাদেশ। তবে সেই দলই পাকিস্তানের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স উপহার দেয়।
ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় এগিয়ে যাওয়া হয়নি। অন্যদিকে প্রবাসী ফুটবলারনির্ভর পাকিস্তান দল শারীরিক সক্ষমতা ও টেকনিক্যাল দক্ষতায় এগিয়ে থাকলেও ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায়নি।
বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ছিলেন ম্যাচের অন্যতম নায়ক। একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন তিনি। ৬৭তম মিনিটে পাকিস্তানের এক দূরপাল্লার শট অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন শ্রাবণ। তার স্পর্শে বল পোস্টে লেগে ফিরে আসে। এরপরও কয়েকটি বিপজ্জনক আক্রমণ একাই সামাল দেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই গোলরক্ষক।
ম্যাচের ৬২তম মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। মঞ্জুরুর রহমানকে লাল কার্ড দেখান ম্যাচের রেফারি। সিদ্ধান্তটি নিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা আপত্তি জানালেও তা পরিবর্তন হয়নি।
একজন কম নিয়ে খেললেও বাংলাদেশ আক্রমণে পিছিয়ে ছিল না। বিশেষ করে আব্দুল্লাহ ওমর দুটি ভালো সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ থেকে জয় নিয়েও মাঠ ছাড়তে পারত বাংলাদেশ।
মাত্র কয়েক দিনের অনুশীলনে কোচ মারুফুল হকের অধীনে ইতিবাচক ফুটবল খেলেছে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে সন্তুষ্ট থাকার মতোই এক পয়েন্ট অর্জন করেছে দলটি।
রিপোর্টার্স২৪/বাবি