| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্কালোনি

reporter
  • আপডেট টাইম: Jul ০৭, ২০২৬ ইং | ২১:২০:৫০:অপরাহ্ন  |  ৩৭৪ বার পঠিত
ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে যে দলকে চান স্কালোনি

স্পোর্টস ডেস্ক: আত্মবিশ্বাসের সঙ্গে সতর্কতার বার্তাও দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপার অন্যতম দাবিদার হলেও এবারের বিশ্বকাপ যে আগের আসরগুলোর তুলনায় অনেক বেশি কঠিন ও অনিশ্চিত, সেটিই মনে করিয়ে দিয়েছেন তিনি।

কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর নাটকীয় জয় পেরিয়ে এখন শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হতে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শুধু আসন্ন প্রতিপক্ষ নিয়েই নয়, সম্ভাব্য ফাইনাল নিয়েও কথা বলেছেন স্কালোনি। সেখানে নিজের পছন্দের ফাইনাল প্রতিপক্ষ হিসেবে তিনি উল্লেখ করেছেন স্পেনের নাম।

স্পেনের প্রশংসা করে আর্জেন্টিনা কোচ বলেন, ‘ফেভারিট হওয়ার জন্য একটি দলকে ঠিক কী করতে হয়, তা আমি জানি না। তবে স্পেন টুর্নামেন্টে নিজেদের পাঁচটি ম্যাচেই ধীরে ধীরে উন্নতি করেছে। প্রতিটি ম্যাচের সঙ্গে তারা আরও শক্তিশালী ও পরিণত হয়েছে।’

তবে স্পেনকে প্রশংসায় ভাসালেও কোনো দলকে এককভাবে এগিয়ে রাখতে রাজি নন স্কালোনি। তার মতে, বিশ্বকাপের মতো আসরে অনেক বিষয় ফলাফলে প্রভাব ফেলে।

তিনি বলেন, ‘বিশ্বকাপ খুবই জটিল একটি প্রতিযোগিতা। এখানে ভ্রমণের ক্লান্তি, আবহাওয়া, মাঠের অবস্থা এবং বলের আচরণের মতো অনেক বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কোনো একটি দলকে পরিষ্কার ফেবারিট বলা কঠিন। এটি সাধারণ কোনো বিশ্বকাপ নয়। এখন পর্যন্ত কোনো দলই অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে যেতে পারেনি।’

এরপর নিজের পছন্দের ফাইনালের কথা বলতে গিয়ে মজার ছলেই স্পেনের নাম বলেন স্কালোনি। তিনি বলেন, ‘স্পেনের বিপক্ষে ফাইনাল খেলতে হলে আমি আজই চুক্তিতে সই করতে রাজি। তবে সেই পথ এখনও অনেক দীর্ঘ। আমাদের দুই দলের সামনেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

এবারের বিশ্বকাপে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বড় দলগুলোও প্রত্যাশামতো আধিপত্য দেখাতে পারছে না বলে মনে করেন আর্জেন্টিনা কোচ। তার মতে, এবারের আসরের বাস্তবতা আগের বিশ্বকাপগুলোর চেয়ে ভিন্ন।

স্কালোনি বলেন, ‘এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন হয়ে উঠেছে। ফ্রান্সকে যেমন শুরুতে খুব শক্তিশালী মনে হচ্ছিল, তারা এখনও শক্তিশালী। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষেও তাদের কঠিন লড়াই করতে হয়েছে। এই টুর্নামেন্ট আগের বিশ্বকাপগুলোর মতো নয়।’

বড় দলগুলোর ছন্দহীনতার পেছনে খেলোয়াড়দের ক্লান্তিকেও কারণ হিসেবে দেখছেন তিনি। দীর্ঘ ক্লাব মৌসুমের ধকল বিশ্বকাপে প্রভাব ফেলছে বলে মনে করেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ।

তার ভাষায়, ‘অনেক ফুটবলার দীর্ঘ মৌসুম শেষে এখানে এসেছে। ক্লাব ফুটবলে টানা ম্যাচ খেলার ক্লান্তি তারা এখন অনুভব করছে। সম্ভবত এ কারণেই আমরা মাঠে সেই পরিচিত আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল খুব বেশি দেখতে পাচ্ছি না। যাদের ফেবারিট ধরা হয়েছিল, তারাও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। সত্যি বলতে, এখন পর্যন্ত কোনো দলই নিখুঁত ফুটবল খেলতে পারেনি।’

সূত্র: মার্কা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪