| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাগরে ৪ দিন ভেসে জীবন ফিরে পেলেন ৯ জেলে, নিখোঁজ এখনও ৩

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৫ ইং | ০৩:২৪:১৬:পূর্বাহ্ন  |  ১৭৫৩৯৩৭ বার পঠিত
সাগরে ৪ দিন ভেসে জীবন ফিরে পেলেন ৯ জেলে, নিখোঁজ এখনও ৩
ছবির ক্যাপশন: সাগরে ৪ দিন ভেসে জীবন ফিরে পেলেন ৯ জেলে, নিখোঁজ এখনও ৩

পটুয়াখালী প্রতিনিধি : উত্তাল বঙ্গোপসাগরে চার দিন ভেসে প্রাণে বেঁচে ফিরেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার ৯ জেলে। তবে এখনও নিখোঁজ রয়েছেন আরও ৩ জন। প্রাণঘাতী এ দুর্ঘটনার পর সমুদ্র থেকে জীবিত ফিরে আসা জেলেরা বলছেন, তারা যেন মৃত্যুকে কাছ থেকে দেখে এসেছেন।

গত ৫ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ১২ জেলে। তারা ছিলেন ‘এফবি সাইকূল’ নামের একটি মাছধরার ট্রলারে। ট্রলারটি ৬ জুলাই সকালে ভয়াবহ ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় পায়রা বন্দরের শেষ বয়ার কাছে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন সবাই।

চার দিন পর, বৃহস্পতিবার (১০ জুলাই) সকালবেলা পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনারচরের উপকূল ঘেঁষা সমুদ্র এলাকায় ভেসে থাকতে দেখা যায় ৯ জেলেকে। পরে স্থানীয় এক মাছধরার ট্রলার তাদের উদ্ধার করে রাঙ্গাবালী নৌপুলিশের কাছে হস্তান্তর করে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন- কবির হোসেন (৫২), এবাদত (৩৬), আল আমিন সিকদার (২৮), জাহিদ (২৭), রাসেল (২৪), ইব্রাহিম খান (৪০), মুনসুর (২৮), শাহ আলম (৬২) ও নূরুল হক (৪৫)। তারা সবাইকে বরগুনার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। এদিকে খবির আলী মিয়া, সোহাগ ও গোপাল মিস্ত্রী নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া জেলে নূরুল হক বলেন, ’ভোরের দিকে হঠাৎ ট্রলারটি উল্টে যায়। আমরা সবাই রিং বয়া ও ফ্লুট আঁকড়ে ধরে সাগরে ভেসে থাকতে থাকি। তবে প্রবল ঢেউয়ের তোড়ে তিনজন আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। বাকি ৯ জন একসঙ্গে থেকে প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাই।’

তারা আরও জানান, টানা চার দিন তারা খোলা সমুদ্রে খাবার, পানি ও বিশ্রাম ছাড়া দিন কাটান। জীবন বাঁচাতে বাধ্য হয়ে লবণ পানি পান করে বেঁচে ছিলেন তারা। শেষ পর্যন্ত সোনারচরের উপকূল ঘেঁষা এলাকায় পৌঁছালে স্থানীয় এক মাছধরার ট্রলার তাদের উদ্ধার করে।

রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,‘উদ্ধার হওয়া সকলকে চরমোন্তাজে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা ট্রলার মালিককে খবর পাঠিয়েছি। বাকি ৩ জেলের ব্যাপারে অনুসন্ধান চলছে। কেউ কেউ বলছে নিখোঁজদের সন্ধান মিলেছে, তবে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪