| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের ফাইনালে উঠলে গোল করার প্রতিশ্রুতি নেইমারের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২১, ২০২৫ ইং | ১৯:৪৮:২৫:অপরাহ্ন  |  ৮৮৭৭৩৪ বার পঠিত
বিশ্বকাপের ফাইনালে উঠলে গোল করার প্রতিশ্রুতি নেইমারের
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সমর্থকদের উদ্দেশে বড় প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ৩৩ বছর বয়সী এই ফুটবলার বলেছেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে নিজেকে সেরা রূপে মেলে ধরতে তিনি সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছেন। এমনকি বিশ্বকাপের ফাইনালে উঠতে পারলে গোল করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

দীর্ঘদিন ইনজুরিতে ভোগার পর নিজের দেশের ক্লাব সান্তোসের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন নেইমার। যদিও প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে জাতীয় দলে ডাকা হয়নি, তবু বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা করে নিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের জন্য সেলেসাও পুরোপুরি প্রস্তুত। সমর্থকদের তার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের কথার দায় নিতে তিনি প্রস্তুত।

নেইমার বলেন, “বিশ্বকাপটা আবার ব্রাজিলে ফিরিয়ে আনতে আমরা সম্ভব সবকিছু করব—এমনকি অসম্ভবও। জুলাইয়ে আপনারা আমাকে আমার কথার জন্য দায়ী করতে পারেন। আনচেলত্তি, আমাদের একটু সাহায্য করুন! আর যদি আমরা ফাইনালে উঠতে পারি, আমি কথা দিচ্ছি—আমি গোল করব।”

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এসিএল ও মেনিস্কাস ইনজুরিতে পড়ার পর থেকে আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি নেইমার। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনো ব্রাজিলের জার্সিতে খেলার সুযোগ পাননি তিনি। চলতি বছরের জুনে দায়িত্ব নেওয়া আনচেলত্তির অধীনে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল খুব একটা স্বস্তিদায়ক অবস্থানে নেই।

ব্রাজিল ও সান্তোসের কিংবদন্তি এই ফুটবলার দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা। সেলেসাও জার্সিতে তার গোল সংখ্যা ৭৯। আগামী গ্রীষ্মে বিশ্বকাপের মঞ্চে ফিরতে মরিয়া নেইমার বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন নিজের ফিটনেস ধরে রাখায়।

এদিকে সান্তোসের সঙ্গে আরও ছয় মাস থাকার ব্যাপারে চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছেন নেইমার। চলতি মাসেই ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এর আগে স্বল্পমেয়াদি চুক্তিতে সান্তোসে যোগ দিয়েছিলেন তিনি।

নেইমারের প্রতিনিধিরা ইতোমধ্যে সান্তোস সভাপতি মার্সেলো তেইশেইরার সঙ্গে আলোচনা করে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত অর্থাৎ আরও ছয় মাসের জন্য নতুন চুক্তিতে সই করবেন তিনি।

চলতি বছরে সান্তোসের হয়ে ৩০ ম্যাচে ১২ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন নেইমার। মৌসুমের শেষ চার ম্যাচে করেছেন পাঁচ গোল, যা দলকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপাতত সান্তোসেই থাকতে চান তিনি, অন্য কোনো ক্লাবে যাওয়ার পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪