রিপোর্টার্স২৪ ডেস্ক: সামির মিনহাসের রেকর্ড গড়া বিধ্বংসী ইনিংসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে একেবারেই অসহায় করে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা চাপের মুখে পড়ে পাকিস্তান। মাত্র ৩১ রানে প্রথম উইকেট হারালেও এরপর উসমান খানের সঙ্গে ৭৯ বলে ৯২ রানের জুটি গড়ে ইনিংসের ভিত গড়ে দেন সামির মিনহাস।
এরপর আহমেদ হুসেইনের সঙ্গে ১২৫ বলে ১৩৭ রানের দুর্দান্ত জুটি গড়ে স্কোরবোর্ডে ঝড় তোলেন মিনহাস। আহমেদ ৫৬ রানে আউট হলেও তখন পাকিস্তানের স্কোর পৌঁছে যায় দেড়শ ছাড়িয়ে।
মাত্র ৭১ বলে ১২ চার ও ৪ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন মিনহাস। এরপর ১০৫ বলে দেড়শ ছুঁয়ে তিনি পাকিস্তানকে সাড়ে তিনশর পথে নিয়ে যান। শেষ পর্যন্ত ১১৩ বল খেলে ১৭ চার ও ৯ ছক্কায় ১৭২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে আউট হন এই ওপেনার।
৪৩ ওভারে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের রান ছিল ৩০২। ৪৭তম ওভারে স্কোর দাঁড়ায় ৩২৭। মিনহাস আউট হওয়ার পর শেষ দিকে দ্রুত কিছু উইকেট হারালেও নিকাব শফিক ও মোহাম্মদ সাইয়ামের ২০ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ উইকেটে ৩৪৭ রান করে পাকিস্তান। এটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এর আগে ফাইনালে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল ভারত, ২০১৪ সালে। সেই ম্যাচেই ৪০ রানে হেরেছিল পাকিস্তান। এবার রেকর্ড ভেঙে তার জবাব দিল তারা দ্বিগুণ শক্তিতে।
ভারতের পক্ষে বোলিংয়ে দিপেশ দেবেন্দ্রন নেন সর্বোচ্চ ৩ উইকেট। দুটি করে উইকেট পান হেনিল প্যাটেল।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ভারত। পাকিস্তানের পেসার আলি রেজার গতির সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটিং লাইনআপ। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয় তারা।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন পেস বোলার দিপেশ দেবেন্দ্রন। পাকিস্তানের হয়ে আলি রেজা ৪২ রানে ৪ উইকেট নেন। এছাড়া সায়েম, সুবহান ও হুজায়ফা নেন দুটি করে উইকেট।
এই জয়ের মধ্য দিয়ে ভারতকে গুঁড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল পাকিস্তান।
রিপোর্টার্স২৪/আয়েশা