রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, এখনই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা তার নেই। বরং এই ফরম্যাটে নিজেকে আরও কিছুদিন দেখতে চান তিনি।
আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে থাকা রোহিত শর্মার জন্য ২০২৫ সাল ছিল স্মরণীয়। বছরজুড়ে ভারতের হয়ে খেলা ১৪টি ওয়ানডে ম্যাচে তিনি করেছেন ৬৫০ রান। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ২টি শতক ও ৪টি অর্ধশতক, যা তার ধারাবাহিকতার প্রমাণ দেয়।
বিশেষ করে অক্টোবরে অস্ট্রেলিয়া সফর রোহিত শর্মার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অধ্যায় হয়ে ওঠে। ওই সিরিজে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক হন এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘প্লেয়ার অব দ্য সিরিজ’পুরস্কার অর্জন করেন। সেই ধারাবাহিক সাফল্যের ফলেই প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে আসেন তিনি।
অস্ট্রেলিয়া সফরের আগেই রোহিতকে ঘিরে নানা প্রশ্ন উঠেছিল। এমনকি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পরও তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় অনেকে ধারণা করেছিলেন, আসন্ন সিরিজগুলোই হয়তো তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে ব্যাট হাতে সব সংশয় দূর করে দিয়েছেন রোহিত শর্মা।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলতে গিয়ে রোহিত বলেন, তার ক্রিকেট জীবন অনেকটা একটি উড়োজাহাজের মতো। শুরুটা ছিল কঠিন, তবে একবার গতি পাওয়ার পর সেই উড়োজাহাজ এখনো অনেক উঁচুতে উড়ছে। তিনি চান না, সেই উড়োজাহাজ এখনই অবতরণ করুক।
আগামী নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ঘরোয়া বিজয় হাজারে ট্রফিকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন রোহিত শর্মা। সবকিছু মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে আরও কিছুদিন তাকে দেখার সম্ভাবনাই বেশি।
এদিকে তার সতীর্থ বিরাট কোহলিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, অস্ট্রেলিয়া সফরের আগে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন রোহিত শর্মা, যার ইতিবাচক প্রভাব স্পষ্টভাবে দেখা গেছে তার সাম্প্রতিক পারফরম্যান্সে।
রিপোর্টার্স২৪/ঝুম