স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর শীতকালীন বিরতির আগেই অর্ধেক মৌসুম শেষ। চলতি মৌসুমে পারফরম্যান্সের ভিত্তিতে সংবাদমাধ্যম গোল প্রকাশ করেছে ব্যালন ডি’অরের পাওয়ার র্যাঙ্কিং। ১০ জনের তালিকায় জায়গা পেয়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিও।
র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। মৌসুমে এখন পর্যন্ত তিনি ৩৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন, জিতেছেন সুপারকাপ। দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড—৩৮ গোল ও ৬ অ্যাসিস্ট নিয়ে সম্ভাব্য সব শিরোপার দৌড়ে আছে তার দল। তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে; ৩৮ গোলের সঙ্গে ৮ অ্যাসিস্ট করেছেন তিনি।
চতুর্থ স্থানে বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল—১০ গোল ও ১৪ অ্যাসিস্ট। এরপর মিডফিল্ডারদের আধিপত্য: পঞ্চম আর্সেনালের ডেক্লান রাইস, ষষ্ঠ পিএসজির ভিতিনহা এবং সপ্তম বায়ার্নের মাইকেল ওলিস (১২ গোল, ১৫ অ্যাসিস্ট)।
অষ্টম স্থানে বায়ার্নে যোগ দেওয়া কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজ—১৫ গোল ও ৯ অ্যাসিস্ট, একটি শিরোপা জিতেছেন। নবম স্থানে ইন্টার মায়ামির লিওনেল মেসি—২২ গোল ও ১৯ অ্যাসিস্টে এমএলএস জিতেছেন তিনি। তালিকার একমাত্র ডিফেন্ডার হিসেবে দশম স্থানে আছেন পিএসজির আশরাফ হাকিমি।