আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত প্রদেশে সামরিক পদক্ষেপ না নিতে দেশটির প্রধান দক্ষিণী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে (এসটিসি) সতর্ক করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। উত্তেজনা কমানোর প্রচেষ্টা ব্যাহত হলে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জোটটি।
ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হাদরামাউত প্রদেশে দক্ষিণী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) যদি উত্তেজনা কমানোর উদ্যোগের পরিপন্থী কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তা প্রতিহত করা হবে। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।
জোটের মুখপাত্র জেনারেল তুর্কি আল-মালকির এ বক্তব্য আসে ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির অনুরোধের পর। আল-আলিমি অভিযোগ করেছেন, এসটিসি-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো হাদরামাউতে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ‘লঙ্ঘনমূলক কর্মকাণ্ড’ চালাচ্ছে এবং সেগুলো থেকে জনগণকে রক্ষায় জোটের তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।
সংযুক্ত আরব আমিরাত সমর্থিত এসটিসি চলতি মাসে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে এডেন শহর থেকে সরিয়ে দেয় এবং দক্ষিণ ইয়েমেনজুড়ে বিস্তৃত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে।
এর আগে শুক্রবার সৌদি আরবের আহ্বান প্রত্যাখ্যান করে এসটিসি জানায়, ডিসেম্বরের শুরুতে দখল করা এলাকা থেকে তারা পিছু হটবে না। বরং হাদরামাউত ও মাহরা প্রদেশে ‘নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম’ অব্যাহত রাখবে বলে ঘোষণা দেয় গোষ্ঠীটি।
এ প্রেক্ষাপটে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসটিসিকে সৌদি-আমিরাতি মধ্যস্থতা প্রচেষ্টায় সাড়া দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, উত্তেজনা কমিয়ে হাদরামাউত ও মাহরা প্রদেশের সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে সেগুলো শান্তিপূর্ণভাবে স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা এখন সময়ের দাবি।
প্রিন্স খালিদ আরও বলেন, দক্ষিণ ইয়েমেনের রাজনৈতিক প্রশ্ন যে কোনো সামগ্রিক রাজনৈতিক সমাধানের অংশ হিসেবেই বিবেচিত হবে। তবে তা সহমতের ভিত্তিতে, অঙ্গীকার রক্ষা ও ইয়েমেনিদের মধ্যে আস্থা গড়ে তোলার মাধ্যমেই সমাধান হতে হবে এমন দুঃসাহসিক পদক্ষেপের মাধ্যমে নয়, যা কেবল সবার শত্রুকে উপকৃত করে। রয়টার্স
রিপোর্টার্স২৪/এসসি