| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুতিনের বাসভবনে হামলায় উদ্বিগ্ন মোদি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ২১:৫০:০৩:অপরাহ্ন  |  101508 বার পঠিত
পুতিনের বাসভবনে হামলায় উদ্বিগ্ন মোদি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ইউক্রেনের হামলাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দুই পক্ষকে শান্তি আলোচনায় মনোযোগী থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে হামলার দাবিকে ‘ভুয়া প্রচার’ বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন। আর মস্কো বলছে, এ ঘটনার পর শান্তি আলোচনায় তাদের অবস্থান নতুন করে ভাবছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেনের কথিত হামলার খবরকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। এক্স–এ দেয়া পোস্টে ভারতীয় এই প্রধানমন্ত্রী লেখেন, রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে হামলার খবর গভীরভাবে উদ্বেগজনক। বৈরিতা থামাতে এবং শান্তি ফিরিয়ে আনতে বর্তমানে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, সেটিই সবচেয়ে কার্যকর পথ। তাই এই প্রচেষ্টা ব্যাহত করতে পারে এমন কোনও পদক্ষেপ না নিতেও তিনি আহ্বান জানান।

এনডিটিভির দাবি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংলাপ ও কূটনীতির ওপর গুরুত্ব দিয়ে আসছেন প্রধানমন্ত্রী মোদি।

এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন, মস্কো ও সেন্ট পিটার্সবার্গের মাঝামাঝি নোভগোরোদ অঞ্চলে পুতিনের সরকারি বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। তার দাবি, ৯১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং তাতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর চলমান শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান পুনর্বিবেচনার কথাও জানান তিনি।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযোগ সরাসরি নাকচ করে বলেন, এটি সম্পূর্ণ ‘মিথ্যা’ এবং কিয়েভে নতুন হামলার অজুহাত তৈরি করতেই রাশিয়া এমন গল্প ছড়াচ্ছে। তার ভাষায়, এটি ‘টিপিক্যাল রাশিয়ান লি’, এটা যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা নস্যাৎ করার অংশ। জেলেনস্কি বলেন, ইউক্রেন এমন কিছু করে না যা কূটনীতিকে দুর্বল করে; বরং রাশিয়াই সবসময় তা করে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে বিশ্বের নীরব থাকা চলবে না। টেকসই শান্তি অর্জনের প্রচেষ্টা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটিই সবচেয়ে জরুরি।

এদিকে ট্রাম্প সাংবাদিকদের জানান, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগেই পুতিন তাকে কথিত হামলার বিষয়ে জানিয়েছেন এবং তিনি এ ব্যাপারে ‘খুব রাগান্বিত’। ট্রাম্পের মতে, এটি সংবেদনশীল সময়, এমন সময়ে কারও বাড়ি লক্ষ্য করে হামলা করা উচিত নয়। তবে তিনি দাবি করেন, শান্তিচুক্তি এখন ‘খুব কাছাকাছি’।

জেলেনস্কি বলেন, যুদ্ধোত্তর নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনকে ১৫ বছরের জন্য প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে এটি আরও বাড়তে পারে। তবে দখল হয়ে থাকা অঞ্চল, বিশেষ করে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। পুতিন এখনও দোনেস্কসহ চারটি অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার অবস্থানেই অটল আছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪