ঝিনাইদহ প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সিনিয়র নেতাদের নামে উসকানিমূলক বক্তব্য ও হামলার অভিযোগে ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির।
মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব তারেক রেজা, ‘দ্য রেড জুলাই’ ঝিনাইদহ জেলা কমিটির আহ্বায়ক আবু হাসনাত তানাইমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর পুরাতন ডিসি কোর্ট এলাকায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন। পরে এ ধরনের বক্তব্য না দিতে অনুরোধ করলে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে, যাতে একাধিক ব্যক্তি আহত হন।
বাদীর অভিযোগ, এনসিপি নেতা তারেক রেজার নির্দেশে উপস্থিত নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি