| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুটির দিনেও অনুশীলনে নাইম শেখ, লক্ষ্য পাকিস্তান সিরিজ

reporter
  • আপডেট টাইম: Jul ১৮, ২০২৫ ইং | ১৮:৫২:৫১:অপরাহ্ন  |  ১৭৩৮২১৩ বার পঠিত
ছুটির দিনেও অনুশীলনে নাইম শেখ, লক্ষ্য পাকিস্তান সিরিজ

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছেন। সেটি নিয়মিতই। এরই পুরস্কার হিসেবে ফিরেছিলেন টি-টোয়েন্টিতে দলেও। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে নাইম শেখের অন্তর্ভূক্তি দেখে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো তাকে খেলানো হবে। কিন্তু বাস্তবে তা হয়নি।

প্রথম ম্যাচ খেললেও পরের দুই ম্যাচে আর একাদশে জায়গা পাননি বাঁহাতি এই ব্যাটার। আবার প্রথম ম্যাচে নিজের পজিশন অনুযায়ী খেলতে পারেননি নাইম।ওপেনার হলেও কখনো কখনো তিন নম্বরেও খেলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে তাকে খেলানো হয়েছে ৪ নম্বরে। অপরিচিত পজিশনে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি নাইম। ২৯ বল খেলে অপরাজিত ছিলেন ৩২ রানে, যা টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে বড্ড বেমানান।

এরপর আর সুযোগ মেলেনি। তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনকে দিয়েই পুরো সিরিজ ওপেন করানো হয়েছে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজই (শেষ ম্যাচ ছাড়া) খেলেছেন।

শ্রীলঙ্কা সফর শেষ করতে না করতেই দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সিরিজ। আগামী রোববার (২০ জুলাই) সন্ধ্যায় শেরে বাংলায় সালমান আলি আগাদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।নাইম শেখ কি এই ম্যাচে খেলবেন? টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা তাকে ওপেনার হিসেবে বিবেচনায় আনবেন নাকি এই সিরিজেও বাঁহাতি ব্যাটারের জায়গা হবে না? এসবই ভক্ত ও সমর্থকদের কৌতূহলী জিজ্ঞাসা।

সচেতন ক্রিকেট অনুরাগীদের ধারণা, শ্রীলঙ্কার সঙ্গে শেষ ম্যাচে ম্যাচ জেতানো ব্যাটিং করা তানজিদ তামিমের সঙ্গে যদি আবারও পারভেজ হোসেন ইমনকে খেলানো হয়, তাহলে নাইম শেখের ওপেনার হিসেবে খেলার সুযোগ আর থাকবে না। আর মিডল অর্ডারে জায়গা নেই বললেই চলে। হৃদয়, শামীম ও জাকের আলীর জায়গায় তার চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম।

তবুও নাইম শেখ মুখিয়ে আছেন খেলতে। সেই লক্ষ্য নিয়েই আজ শুক্রবার ছুটির দিনেও মিরপুরে অনুশীলনে এসে হাজির হয়েছেন নাইম। এদিন শেরে বাংলায় এসেছিলেন জাকের আলীও। তবে তিনি অনুশীলন করেননি, পুত্র সন্তানকে সঙ্গে করেছেন জিম।

শুক্রবার জুমার নামাজের পর শেরে বাংলায় দেখা মেলে নাইম শেখের। একাডেমি মাঠে একাই অনুশীলন করেন এই বাঁহাতি টপঅর্ডার।

ভাবছেন, টিম ম্যানেজমেন্ট থেকে আভাস পেয়েই বুঝি মিলেছে তার দেখা। কিন্তু তেমন কিছু নয়। নাইম শেখ ব্যক্তিগত উদ্যোগেই প্র্যাকটিস করতে এসেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ নম্বরে খেলা প্রসঙ্গে জানতে চাওয়া হলে শুক্রবার নাইম শেখ গণমাধ্যমকে জানান, প্রকৃতপক্ষে তার পাঁচ নম্বরে খেলার কথা ছিল। কিন্তু জাকের আলী ব্যথা পাওয়ায় ওই পজিশনে নাইম শেখকে খেলানো হয়।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪