রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলী আঘা বলেছেন, এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান যেকোনো প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।
গ্রুপ পর্বের ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৪১ রানের জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। ব্যাট করতে নেমে ওপেনার ফখর জমানের অর্ধশতকের পাশাপাশি ৯ নম্বরে নেমে শাহীন শাহ আফ্রিদির ঝোড়ো ১৪ বলের ২৯ রানের ইনিংসে ১৪৬ রান করে পাকিস্তান। জবাবে ১০৫ রানে অলআউট হয় আরব আমিরাত।
ম্যাচের পরে সালমান আঘা বলেন, আমরা কাজটি শেষ করেছি, কিন্তু মিডল অর্ডার ব্যাটিংয়ে আমাদের উন্নতি করা জরুরি। আমরা এখনো আমাদের সেরা ব্যাটিং করতে পারিনি। মিডল অর্ডার ভালো করলে যেকোনো প্রতিপক্ষের বিপরীতে ১৭০ রানের স্কোর করা সম্ভব।
শাহীনের ব্যাটিং এবং সাইম আইয়ুবের গুরুত্বপূর্ণ বল হাতে অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন পাকিস্তান অধিনায়ক।
তিনি বলেন, শাহীনের ব্যাটিং অনেক উন্নত হয়েছে। তিনি ইতিমধ্যেই বল হাতে দারুণ খেলছেন। সাইম এমন একজন যিনি আমাদেরকে বারবার খেলায় ফেরাতে সাহায্য করছেন, এবং আশা করি তিনি শেষ পর্যন্ত এমনই অবদান রাখবেন
সুপার ফোরে চ্যালেঞ্জ নিয়ে সালমান আঘা যোগ করেন, আমরা যেকোনো প্রতিপক্ষের জন্য প্রস্তুত। গত চার মাস ধরে যেভাবে খেলছি, তা বজায় রাখলে আমরা যে কোনো দলের সঙ্গে ভালো করতে পারব।
রিপোর্টার্স২৪/ঝুম