| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

reporter
  • আপডেট টাইম: Jul ০৪, ২০২৬ ইং | ১৮:২৮:২০:অপরাহ্ন  |  ৩০৯ বার পঠিত
নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তির খবর। দলের অন্যতম তারকা নেইমার জুনিয়র পুরোপুরি ফিট এবং নরওয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলের প্রভাবশালী সংবাদমাধ্যম ফোলিয়া দে সঁ পাওলোকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমারের শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রশংসা করেন। নেইমারের ফিটনেস নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে বলেন, “হ্যাঁ, ও পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত।”

আনচেলত্তি জানান, চোট কাটিয়ে ফেরার পুরো সময়জুড়ে নেইমার অসাধারণ পেশাদারিত্ব ও একাগ্রতার পরিচয় দিয়েছেন। যদিও পুরো সময় খেলতে না পারায় তিনি সন্তুষ্ট ছিলেন না, তবুও দলের প্রতি তার দায়বদ্ধতা কখনো কমেনি।

ইতালিয়ান এই কোচ বলেন, পুরো সময় খেলতে না পারায় ও খুশি ছিল না, কিন্তু ওর আচরণ ছিল নিখুঁত। মাঠে ওর ফুটবলীয় দক্ষতা যেমন অসাধারণ, মাঠের বাইরেও মানুষ হিসেবে সে বিনয়ী। দলের সবাই ওকে ভালোবাসে। নেইমার আমাদের জন্য বড় সম্পদ।

জাপানের বিপক্ষে জয় নিশ্চিত হওয়ার পরও ডাগআউটে তাকে খুব বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি। এর ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত তিনি কখনো ম্যাচকে শেষ বলে মনে করেন না।

তিনি বলেন, আমার কাছে খেলা শেষ হয় শেষ বাঁশি বাজার পর। মার্তিনেল্লির গোলের পরও কয়েক মিনিট বাকি ছিল। কোচিং ক্যারিয়ারে অনেকবার দেখেছি, জয় নিশ্চিত ভেবে নিশ্চিন্ত হওয়ার পর শেষ মুহূর্তে ম্যাচ হাতছাড়া হয়েছে। তাই জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি শান্ত থাকি।

শেষ ষোলোর প্রতিপক্ষ নরওয়েকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে আনচেলত্তি বলেন, তাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের ফুটবলার রয়েছেন। বিশেষ করে আর্লিং হালান্ডকে নিয়ে ব্রাজিলকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, নরওয়ে খুবই গোছানো দল। হালান্ড বর্তমানে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তাই ম্যাচটি কঠিন হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে নিজেদের সেরাটা খেলতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।

বিশ্বকাপের শেষ ষোলোর এই বহুল প্রতীক্ষিত ম্যাচে আগামীকাল রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। দীর্ঘদিন পর পুরো ম্যাচে নেইমারকে পাওয়ায় কোয়ার্টার ফাইনালে ওঠার আশা আরও জোরালো হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪