| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পল্টনে এক লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ১৩:৫৭:৪০:অপরাহ্ন  |  ১৮১০০৮২ বার পঠিত
পল্টনে এক লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্টন এলাকার গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে থেকে এক লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাগর (৩০), মো. আল আমিন হাওলাদার (২৮) ও বাবু মাতব্বর (৫৪)।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। আজ (মঙ্গলবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

ডিবির বরাত দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, কিছু ব্যক্তি জাল নোট বিক্রির উদ্দেশ্যে গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে ঘটনাস্থল থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পল্টন থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি আরও জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাল নোট সরবরাহ করে আসছিলেন। তারা আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বড় পরিসরে জাল নোট বাজারজাত করার পরিকল্পনা করছিলেন। 

তদন্তে জানা যায়, গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে শাহআলী থানায়, আল আমিনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি, পটুয়াখালীর দশমিনা থানায় দুইটি, শ্যামপুর থানায় একটি এবং বাবু মাতব্বরের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পূর্ব থানায় একটি মামলা রয়েছে, যা সবই বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪