বগুড়া প্রতিনিধি: বগুড়ায় আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের ঐতিহাসিক সাতমাথা মুক্তমঞ্চে এই কর্মসূচির আয়োজন করে “আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড বাস্তবায়ন সংগ্রাম পরিষদ”।
সংগঠনের আহ্বায়ক ও মহাস্থান শাহ সুলতান বলখী (রহ.) ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বগুড়ার ১২টি উপজেলার বিভিন্ন মাদরাসার ৫০০ জনের অধিক শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারী অংশ নেন।
সভায় বক্তারা বলেন, বৃহত্তর রংপুর-বগুড়া অঞ্চলের মাদরাসাগুলোতে শিক্ষার্থী ও শিক্ষক সংখ্যার বিচারে একটি পূর্ণাঙ্গ আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড স্থাপন সময়ের দাবি। এতে মাদরাসা শিক্ষার সার্বিক মানোন্নয়ন হবে এবং অঞ্চলভিত্তিক সমস্যা সমাধানে তা কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডোমনপুকুর আমিনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসেন, কাহালু সিদ্দিকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, সাজাপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, তরফসরতাজ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জহুরুল ইসলাম, সদস্য সচিব অধ্যক্ষ রেজাউল বারী, যুগ্ম সদস্য সচিব ড. আবু সালেহ মামুন, অধ্যাপক মাওলানা আব্দুস সালাম, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আলমগীর হোসাইন, অধ্যক্ষ মাওলানা বজলুর রহমান, অধ্যক্ষ মাওলানা ইমদাদুল হকসহ অন্যান্য মাদরাসার শিক্ষক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগ্রাম পরিষদের যুগ্ম সদস্য সচিব ড. আবদুল বারী রশীদী।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে উত্তরাঞ্চলের লক্ষ লক্ষ মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হোক।
রিপোর্টার্স২৪/আরএইচ