রোববার (২৫ জানুয়ারি) রাত প্রায় ৮টা নাগাদ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গার্লস কলেজ মোড় সংলগ্ন মাস্টারপাড়া সড়কে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে সাতজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে চারজনকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং তিনজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আঘাতপ্রাপ্তদের নামে রিপোর্টে উল্লেখ রয়েছে—রাজন, মাসুম, পারভেজ, রতন, রাজিব, মিঠুন, ইমন, আশিক ও মিন্টু। তবে পুলিশ জানিয়েছে হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নেওয়ার সংখ্যা সাত জন।
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনায় বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)কে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগালি ও হুমকি দেওয়া হয়। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অপর প্রান্ত থেকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেওয়া হয়। ভিডিওতে কথোপকথনে বলা হয়, “এই ... কি করছস, সাদ্দামের লগে কি করছস...”, “তুই কি ওর পোলারে আইনে দিবি...”, “তুই অ্যারেস্ট করায় দিসছ...”, “তুই জানস না... তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে...” ইত্যাদি। ভিডিওতে থাকা অডিও কথোপকথন আইনশৃঙ্খলাবাহিনী সূত্রে সঠিক বলে নিশ্চিত করা হয়েছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৮ দিন পর সেফটি ট্যাংকি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ফজলে রাব্বি বাবুর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার হওয়ার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, পাওনা টাকা আদায়ের জন্য পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ গুম করা হয়। রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এই তথ্য জানান। তিনি জানান, প্রথমে ঢাকার দোহার এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করা হয়। পরে শাহেদের স্বীকারোক্তির ভিত্তিতে ওমর ফারুক ও রাকিব নামের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় বিএনপির বাধাকে কেন্দ্র করে মারামারি ঘটনায় ৪ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি মো. তারেক। এছাড়াও আহত হয়েছেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাইনুদ্দিন, জামায়াত কর্মী আবু তৈয়ব, জুয়েল হোসেন, রিয়াদ হোসেনসহ কয়েকজন। তাদেরকে স্থানীয় পোদ্দার বাজারে একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বোন অসুস্থ হওয়ার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সময়মতো উপস্থিত হতে পারিনি। নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। তাই আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। সেই সঙ্গে জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।
ঝিনাইদহ জেলার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের ঐকান্তিক আগ্রহে আয়োজিত এই সভায় জেলার শিক্ষা পরিবারের সকল স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ণ চন্দ্র পাল। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার(২৫ জানুয়ারি) একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এবারের প্রতিপাদ্য— কুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা কে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ায় সিভিল সার্জনের কার্যালয়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বয়ে দিবসটি পালন করা হয়। র্যালিতে অংশ নেন বগুড়া সিভিল সার্জন ডা. মোঃ খুরশীদ আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. এস. এম. নূর-ই-শাদীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারজানুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
স্ত্রী-সন্তানের মৃত্যুর পরও বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনার ব্যাখা দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। জেলা প্রশাসক জানান, প্যারোলে মুক্তি সংক্রান্ত একটি আবেদন শুক্রবার (২৩ জানুয়ারি) তার বাংলোতে আসে। বিষয়টি অবগত হওয়ার পর তিনি কারা কর্তৃপক্ষকে জানান।
গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এজেন্ট ব্যাংকিংয়ের ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুই কর্মচারীকে মারধর করা হয়।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে রাষ্ট্রের সব প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। তিনি বলেন, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। কেউ কাউকে ভোট দিতে বাধা দিতে পারবে না। ভোটাররা স্বাধীনভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। রোববার (২৫ জানুয়ারি) তারাকান্দা উপজেলার নতুন বাজার এলাকায় নির্বাচনি নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া উপলক্ষে জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এসপি মিজানুর রহমান।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষা হচ্ছে আলোকচ্ছটা; শিক্ষার আলো সূর্যের মতো উজ্জ্বল। শিক্ষিত ব্যক্তি শুধু নিজেকে আলোকিত করেন না, চারপাশকে আলোকিত করেন। শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশবরেণ্য বীরমুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব এবং সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোরে দশদলীয় জোট মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী। রবিবার সকাল তেবাড়িয়া হাট এলাকায় তার ধারাবাহিক প্রচারণার চতুর্থ দিন অনুষ্ঠিত হয়। প্রচারণাকালে অধ্যাপক ইউনুস আলী সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করার জন্য ভোটের গুরুত্ব অপরিসীম। জনগণের ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচিত হলে দেশ ও এলাকার উন্নয়ন নিশ্চিত হবে, এমনটাই তার মূল বক্তব্য ছিল।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী নির্বাচনে নাটোরবাসী ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতি আস্থা রেখে তাঁকে বিপুল ভোটে জিতাবে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এলাকায় দ্রুত উন্নয়ন করবে। রবিবার সকালে নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের হালতী গ্রামে নির্বাচনী প্রচারণার এক সভায় দুলু বলেন, এখানে হাজার হাজার একর জমি বর্ষার সময় পানিতে ডুবে যায়; আগে এমপি বা মন্ত্রী থাকবার সময় আমি এই হালতির বিলের মধ্য দিয়েই সাব-মারসিবল রোড নির্মাণ করিয়েছিলাম। পুনরায় সুযোগ পেলে এই হালতী বিলকে এক ফসলি জমি থেকে আমরা তিন ফসলি জমিতে রূপান্তর করার জন্য একটি পৃথক প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।